Touch Bangladesh
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেসব লক্ষণে

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

স্মার্টফোন এখন ব্যক্তিগত তথ্যের অন্যতম বড় ভাণ্ডার। ছবি, ভিডিও, ব্যক্তিগত কথোপকথন, ই-মেইল, গুরুত্বপূর্ণ নথি থেকে শুরু করে ব্যাংকিং তথ্য—সবই থাকে ফোনে। ফলে সাইবার অপরাধীদের কাছে একটি স্মার্টফোনের নিয়ন্ত্রণ পাওয়া বড় ধরনের সুযোগ। তবে ফোনের কিছু অস্বাভাবিক আচরণ আগেই জানান দিতে পারে, ডিভাইসে অননুমোদিত প্রবেশ বা ক্ষতিকর সফটওয়্যারের উপস্থিতি রয়েছে কি না।

ব্যাটারি দ্রুত শেষ হওয়া
স্বাভাবিক ব্যবহারের তুলনায় হঠাৎ ব্যাটারি দ্রুত শেষ হতে থাকলে সতর্ক হতে হবে। ব্যাকগ্রাউন্ডে ম্যালওয়্যার সক্রিয় থাকলে অতিরিক্ত ব্যাটারি খরচ হতে পারে।

ব্যবহার না করেও ফোন গরম থাকা
ফোন ব্যবহার না করেও অস্বাভাবিকভাবে গরম থাকলে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে একই সময়ে ইন্টারনেট ডেটার ব্যবহার বেড়ে গেলে সতর্ক হওয়া উচিত।

ফোন ধীর হয়ে যাওয়া
কল করা, মেসেজ পাঠানো বা ওয়েবপেজ খোলার মতো সাধারণ কাজেও ফোন আগের তুলনায় ধীর হয়ে গেলে সতর্ক হতে হবে। ম্যালওয়্যার ফোনের কর্মক্ষমতায় প্রভাব ফেলতে পারে।

হঠাৎ ডেটা ব্যবহার বেড়ে যাওয়া
ইন্টারনেট ডেটা ব্যবহারের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে কারণ খুঁজে দেখা দরকার। ক্ষতিকর সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে তথ্য আদান-প্রদানের জন্য অতিরিক্ত ডেটা ব্যবহার করতে পারে।

অজান্তে কল বা মেসেজ চলে যাওয়া
নিজের অজান্তে ফোন থেকে কল বা মেসেজ পাঠানো হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। একই সঙ্গে হঠাৎ একের পর এক পপ-আপ বিজ্ঞাপন দেখা গেলেও সতর্ক হওয়া প্রয়োজন। এগুলো অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার বা অ্যাডওয়্যারের ইঙ্গিত হতে পারে।

অচেনা অ্যাপ দেখা দেওয়া
নিজে ইনস্টল না করেও ফোনে নতুন কোনো অ্যাপ দেখা গেলে সেটি পরীক্ষা করুন। কোনো অ্যাপ অস্বাভাবিক মাত্রায় ব্যাটারি বা ডেটা ব্যবহার করলেও সতর্ক হওয়া উচিত।

অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যক্রম
ই-মেইল বা গুরুত্বপূর্ণ কোনো অ্যাকাউন্টে অচেনা ডিভাইস থেকে লগইনের চেষ্টা, পাসওয়ার্ড পরিবর্তনের নোটিফিকেশন কিংবা অপরিচিত কার্যক্রম দেখা গেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

হঠাৎ মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়া
অপারেটরের কাছ থেকে অস্বাভাবিক কোনো নোটিফিকেশন পাওয়ার পর ফোন রিবুট করেও দীর্ঘ সময় নেটওয়ার্ক না এলে বিষয়টি যাচাই করা প্রয়োজন। কিছু ক্ষেত্রে এটি ‘নম্বর পোর্টিং অ্যাটাক’-এর সম্ভাব্য লক্ষণ হতে পারে।

যেসব কারণে ফোন ঝুঁকিতে পড়তে পারে

অপরিচিত বা সন্দেহজনক লিংকে ক্লিক করা, ক্ষতিকর অ্যাপ ডাউনলোড করা, অনিরাপদ পাবলিক ওয়াই-ফাই ব্যবহার এবং বিভিন্ন অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করলে ফোন ও ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়তে পারে। পাবলিক চার্জিং স্টেশন ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন।

এ ছাড়া অনলাইনে চাকরি বা ফ্রিল্যান্সিংয়ের প্রলোভনে অপরিচিত অ্যাপ ইনস্টল করা এবং জনসমাগমস্থলে অন্যের হাতে ফোন দিয়ে রাখাও নিরাপত্তাঝুঁকি বাড়াতে পারে।

ফোন হ্যাক হয়েছে সন্দেহ হলে যা করবেন

ফোনে অননুমোদিত প্রবেশের সন্দেহ হলে প্রথমেই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। সম্ভব হলে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (MFA) চালু করা উচিত। পরিস্থিতি গুরুতর হলে প্রয়োজনীয় তথ্য নিরাপদভাবে ব্যাকআপ নিয়ে ডিভাইস রিস্টোর করার কথা বিবেচনা করা যেতে পারে।

একই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ওয়ালেট ও ক্রেডিট কার্ডে অস্বাভাবিক লেনদেন হচ্ছে কি না নিয়মিত নজরে রাখতে হবে। সন্দেহজনক কোনো কার্যক্রম দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা সেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।