![]()
ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি: থানায় জিডি, বাড়ানো হলো নিরাপত্তা
ঢাকার মেরুল বাড্ডায় অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়ার পর ক্যাম্পাসজুড়ে কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত রবিবার সন্ধ্যায় অজ্ঞাত স্থান থেকে একটি ই-মেইল বার্তা আসে। ‘TypicalChineseman@gmail.com’ নামের একটি ই-মেইল অ্যাড্রেস থেকে পাঠানো ওই বার্তায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক বোমা হামলার সতর্কবার্তা দেওয়া হয়। ই-মেইলে লেখা ছিল, “যা ঘটতে চলেছে, তা তোমাদের কেউই থামাতে পারবে না।”
হুমকির এই ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করতে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হুমকি পাঠানো ই-মেইলের উৎস ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
