![]()
প্রতিদিনের সাজসজ্জায় পারফিউম বা আতর ব্যবহার করেন অনেকেই। শরীরে দীর্ঘক্ষণ সুগন্ধ ধরে রাখতে এর ব্যবহার বেশ জনপ্রিয়। তবে অসাবধানতাবশত সরাসরি পোশাকে পারফিউম স্প্রে করলে কাপড়ে সাদা বা হলুদ দাগ পড়তে পারে। বিশেষ করে সাদা ও হালকা রঙের পোশাকে এ ধরনের দাগ সহজেই চোখে পড়ে।
পারফিউমে অ্যালকোহলের পাশাপাশি তেল ও বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে। অ্যালকোহল দ্রুত উবে গেলেও তেল ও অন্যান্য উপাদান কাপড়ের তন্তুতে আটকে থাকতে পারে। ফলে সময়ের সঙ্গে দাগ আরও গাঢ় হয় এবং তা পরিষ্কার করাও কঠিন হয়ে পড়ে।
তবে কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে পারফিউম বা আতরের দাগ দূর করা সম্ভব। কাপড়ের ধরন ও দাগের অবস্থা অনুযায়ী ব্যবহার করতে পারেন কয়েকটি উপায়।
তাজা দাগ পরিষ্কার করবেন যেভাবে
পোশাকে পারফিউম পড়ার পর যত দ্রুত সম্ভব দাগ পরিষ্কারের চেষ্টা করা উচিত। প্রথমে শুকনো কাপড় বা পেপার টাওয়েল দিয়ে দাগের জায়গাটি আলতোভাবে চেপে ধরুন। এতে অতিরিক্ত তরল শুষে নেওয়া যাবে।
দাগের জায়গাটি ঘষা থেকে বিরত থাকুন। এতে দাগ ছড়িয়ে পড়তে পারে। এরপর ঠান্ডা পানিতে আক্রান্ত অংশটি ধুয়ে সামান্য মৃদু ডিটারজেন্ট বা ডিশ সোপ লাগান। নরম হাতে পরিষ্কার করে আবার ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। প্রয়োজন হলে একই পদ্ধতি পুনরায় অনুসরণ করতে পারেন।
পুরোনো দাগ দূর করতে ভিনিগার
কাপড়ে পারফিউমের দাগ শুকিয়ে গেলে তা তুলতে সাদা ভিনিগার ব্যবহার করা যেতে পারে। এ জন্য সমপরিমাণ পানি ও সাদা ভিনিগার মিশিয়ে নিন।
পরিষ্কার কাপড় দিয়ে মিশ্রণটি দাগের ওপর লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর নরম ব্রাশ দিয়ে আলতোভাবে পরিষ্কার করে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। তবে ব্যবহারের আগে কাপড়ের আড়ালে ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়া ভালো।
সিল্ক ও স্যাটিনের পোশাকে বাড়তি সতর্কতা
সিল্ক, স্যাটিন ও লেসের মতো সংবেদনশীল কাপড় পরিষ্কারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। এসব কাপড়ে অতিরিক্ত পানি, শক্তিশালী রাসায়নিক বা জোরে ঘষাঘষি করলে কাপড়ের ক্ষতি হতে পারে।
এ ধরনের পোশাকে হালকা ভেজা পরিষ্কার কাপড় দিয়ে দাগের জায়গাটি আলতোভাবে চেপে পরিষ্কার করুন। কোনো স্টেন রিমুভার ব্যবহারের আগে কাপড়ের আড়ালে ছোট অংশে পরীক্ষা করে নিন। পরিষ্কারের পর স্বাভাবিক বাতাসে শুকাতে দিন। অতিরিক্ত তাপ বা ড্রায়ার ব্যবহার না করাই ভালো।
আতরের তেলচিটে দাগে ব্যবহার করুন কর্নস্টার্চ
পারফিউমের তুলনায় আতরের তেলচিটে দাগ অনেক সময় বেশি জেদি হয়। এ ধরনের দাগ তুলতে কর্নস্টার্চ বা ট্যালকম পাউডার কাজে আসতে পারে।
প্রথমে পেপার টাওয়েল দিয়ে অতিরিক্ত তেল শুষে নিন। এরপর দাগের ওপর কর্নস্টার্চ বা ট্যালকম পাউডার ছড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। পাউডার তেল শুষে নেওয়ার পর ব্রাশ দিয়ে তা সরিয়ে ফেলুন। সবশেষে সামান্য ডিশ সোপ দিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিন।
জরুরি সময়ে হ্যান্ড স্যানিটাইজার
বাইরে থাকা অবস্থায় পোশাকে পারফিউমের দাগ পড়লে হ্যান্ড স্যানিটাইজার কিছু ক্ষেত্রে কাজে আসতে পারে। এতে থাকা অ্যালকোহল দাগের উপাদান আলগা করতে সহায়তা করতে পারে।
তবে সব ধরনের কাপড়ে এটি ব্যবহার করা নিরাপদ নয়। বিশেষ করে রঙিন ও সংবেদনশীল কাপড়ে স্যানিটাইজার ব্যবহারের আগে আড়ালে ছোট একটি অংশে পরীক্ষা করে নিন। ব্যবহার করলে পরিষ্কার কাপড় দিয়ে আলতোভাবে চেপে ধরুন। পরে উপযুক্ত নিয়মে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।
পারফিউমের দাগ এড়াতে যা করবেন
কাপড়ে দাগ পড়ার পর তা পরিষ্কার করার চেয়ে আগে থেকেই সতর্ক থাকা ভালো। পোশাক পরার আগে শরীরের ত্বকে পারফিউম বা আতর ব্যবহার করুন। সুগন্ধি শুকিয়ে যাওয়ার পর পোশাক পরলে দাগ পড়ার আশঙ্কা কমে।
পোশাক পরার পর পারফিউম ব্যবহার করতে হলে কাপড় থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন। পাশাপাশি পারফিউমের বোতল ঠান্ডা ও শুকনো জায়গায় রাখুন এবং বোতল থেকে তরল চুইয়ে পড়ছে কি না, সেদিকে খেয়াল রাখুন।
সঠিক পদ্ধতিতে দ্রুত ব্যবস্থা নিলে পারফিউম বা আতরের দাগ থেকে প্রিয় পোশাক রক্ষা করা অনেকটাই সহজ হতে পারে।
