![]()
বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে এই কার্নিভালের আয়োজন করা হয়েছে। গত রোববার (২২ নভেম্বর) বিকেলে কক্সবাজারের হোটেল শৈবালের বিচফ্রন্টে ‘ইন্ট্রোডিউসিং দ্য ওয়েভ অব এক্সপেরিয়েন্স’ শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্নিভালের আনুষ্ঠানিক পরিচিতি এবং সপ্তাহব্যাপী পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশন্স লিমিটেডের পরিকল্পনা ও সৃজনশীল ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়েছে। পরীক্ষামূলক কার্যক্রম শেষে ছুটির মৌসুমের শুরু থেকে কার্নিভালটি পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার কথা রয়েছে।
পর্যটন উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্য
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না কক্সবাজারের পর্যটন উন্নয়ন, পর্যটকবান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, পর্যটনের মাধ্যমে দেশের জিডিপি প্রবৃদ্ধি, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়াই কার্নিভালের অন্যতম লক্ষ্য। সরকারি-বেসরকারি অংশীদারত্ব ও স্থানীয় মানুষের অংশগ্রহণের মাধ্যমে কক্সবাজারকে বিশ্বের অন্যতম সেরা ও টেকসই পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বিশেষ ব্যবস্থা
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সুবিধা কাজে লাগিয়ে সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার।
বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে আধুনিক সুযোগ-সুবিধা, পরিচ্ছন্নতা ও বিশ্বমানের পর্যটন অভিজ্ঞতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কার্নিভাল এলাকাকে প্লাস্টিকমুক্ত ও পরিবেশবান্ধব অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ড দল এবং সিসিটিভি নজরদারির ব্যবস্থাও রাখা হচ্ছে।
থাকছে ২৪ ঘণ্টার বিনোদন ও নানা আয়োজন
পর্যটকদের দিন-রাত আনন্দ ও বিনোদনের সুযোগ দিতে কার্নিভাল এলাকাকে কয়েকটি বিশেষ জোনে সাজানো হয়েছে। শিল্প ও সংস্কৃতিবিষয়ক আয়োজনে থাকছে দেশি-বিদেশি শিল্পীদের তৈরি বালুর ভাস্কর্য, ওপেন থিয়েটারে লোকজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট এবং উন্মুক্ত প্রাঙ্গণে সিনেমা প্রদর্শনী।
প্রকৃতি ও রোমাঞ্চপ্রেমীদের জন্য সমুদ্রসৈকতে ক্যাম্পিং, ক্যাম্পফায়ার, তারাভরা আকাশ উপভোগ এবং বিচ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন থাকবে।
খাবার, কেনাকাটা ও শিশুদের জন্য আলাদা জোন
খাবারপ্রেমীদের জন্য থাকবে দেশীয় ও স্থানীয় খাবারের সমৃদ্ধ ফুড জোন। পাশাপাশি হস্তশিল্প এবং ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের জন্য থাকবে বিশেষ মার্কেট জোন।
শিশুদের জন্য আলাদা কিডস জোন এবং সমুদ্রের তীরে বসে বই পড়ার জন্য উন্মুক্ত লাইব্রেরির ব্যবস্থাও রাখা হচ্ছে। পরিবার, শিশু, তরুণ ও বিদেশি পর্যটকদের জন্য ভিন্নধর্মী অবকাশযাপনের অভিজ্ঞতা তৈরি করাই আয়োজকদের পরিকল্পনা।
উপস্থিত ছিলেন যারা
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক এম. এ. মান্নান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত (পিপিএম), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান, কক্সবাজারের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ. টি. এম. নুরুল বাশার চৌধুরী এবং ট্যুরিস্ট পুলিশ (কক্সবাজার অঞ্চল)-এর পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা।
অনুষ্ঠানে কক্সবাজারের ঐতিহ্য ও বালিয়াড়ির গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘কক্সবাজারের গল্প’ প্রদর্শন করা হয়। এ সময় কার্নিভালের থিম সংও পরিবেশন করা হয়।
