![]()
যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে এসব হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৪ জন।
শনিবার (৩১ অক্টোবর) রাতে শুরু হওয়া এসব সহিংসতা চলে রোববার (১ নভেম্বর) সকাল পর্যন্ত। নাইট ক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়ামের বাইরের এলাকা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে হামলার ঘটনা ঘটে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, উৎসবকে কেন্দ্র করে মানুষের ব্যাপক সমাগম, মদ্যপান, মাদকের ব্যবহার এবং আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অপরাধবিজ্ঞানীদের মতে, যুক্তরাষ্ট্রে সহিংসতার ঝুঁকি বেশি থাকা দিনগুলোর একটি ৩১ অক্টোবর। নর্থইস্টার্ন ইউনিভার্সিটির অপরাধবিজ্ঞানী জেমস অ্যালান ফক্সের বিশ্লেষণে দেখা গেছে, ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত বোস্টনের অপরাধসংক্রান্ত তথ্য অনুযায়ী, বছরের সবচেয়ে সহিংস দিনগুলোর তালিকায় ৩১ অক্টোবরের অবস্থান তৃতীয়। এর আগে রয়েছে ৪ জুলাই ও ১ জানুয়ারি।
ফক্সের মতে, হ্যালোইনের রাতে শিশু-কিশোরেরা ঘরের বাইরে বের হয় এবং অপরিচিত মানুষের সংস্পর্শে আসে। এতে তাদের নিরাপত্তাঝুঁকি বেড়ে যায়।
বিভিন্ন অঙ্গরাজ্যে প্রাণঘাতী হামলা
ডেট্রয়েটে হ্যালোইন উদ্যাপন শেষে বাড়ি ফেরার পর পাঁচ বছর বয়সি এক শিশু বাড়ির পেছনের একটি কক্ষে খেলছিল। এ সময় গুলিবিদ্ধ হয় সে। ডেট্রয়েট পুলিশ বিভাগের উপপ্রধান আর্নল্ড উইলিয়ামস জানান, গুলিবিদ্ধ হওয়ার পর শিশুটি তার মাকে বলেছিল, ‘আমার মনে হয়, আমাকে গুলি করা হয়েছে।’ বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
ফ্লোরিডার জ্যাকসনভিলে দুটি পৃথক বন্দুক হামলায় ১৩ জন গুলিবিদ্ধ হন। নিহত হন দুজন।
স্থানীয় সময় ১ নভেম্বর রাত ১টা ৪০ মিনিটের দিকে একটি হ্যালোইন পার্টিতে প্রবেশের অপেক্ষায় থাকা ১৭ বছর বয়সি এক কিশোরী গুলিতে নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও দুজন।
এর প্রায় দুই ঘণ্টা পর রাত ৩টা ৪৫ মিনিটের দিকে শহরের অন্য একটি স্থানে শতাধিক মানুষের অংশগ্রহণে আয়োজিত বাড়ির পার্টিতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ১০ জন গুলিবিদ্ধ হন। নিহত হন ২০ বছর বয়সি এক তরুণ। আহতদের মধ্যে ১৫ বছর বয়সি এক কিশোরীর অবস্থা স্থিতিশীল থাকলেও অন্য একজনের অবস্থা সংকটাপন্ন।
মিসিসিপির জ্যাকসন শহরের একটি নাইট ক্লাবে বন্দুক হামলায় দুজন নিহত এবং চারজন আহত হন। উত্তর ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানে গুলিতে নিহত হন চার সন্তানের অন্তঃসত্ত্বা এক মা। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাদের মধ্যে দুই কিশোরের অবস্থা আশঙ্কাজনক।
ওকলাহোমা সিটির একটি ট্রেলার পার্কে হ্যালোইন পার্টিকে কেন্দ্র করে গোলযোগের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে একজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু হয়। তবে তাঁদের মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশেও হামলা
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শিক্ষাপ্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানের আশপাশেও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুই ডজনের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।
আলাবামার বার্মিংহামে লিজিয়ন ফিল্ড স্টেডিয়ামের বাইরে বন্দুক হামলায় একজন নিহত এবং আটজন আহত হন। ওই দিন স্টেডিয়ামে আলাবামা এঅ্যান্ডএম ইউনিভার্সিটি ও আলাবামা স্টেট ইউনিভার্সিটির মধ্যে ঐতিহ্যবাহী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
ইলিনয় অঙ্গরাজ্যের ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে গুলিবিদ্ধ আটজনকে উদ্ধার করে পুলিশ। তাঁদের মধ্যে ১৯ বছর বয়সি এক তরুণী ঘটনাস্থলেই মারা যান। আহত সাতজনকে হাসপাতালে নেওয়া হলে তাঁদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা যায়।
অন্যদিকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ব্লুমিংটনে ইন্ডিয়ানা ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে বড় একটি জনসমাগমের মধ্যে গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। সেখানে হ্যালোইনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হোমকামিং উৎসবও চলছিল।
পরে শহরের কেন্দ্রীয় এলাকায় গুলিবিদ্ধ কয়েকজনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনকারী এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তবে তিনি গুলি চালিয়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
উৎসবের সময় নিরাপত্তা নিশ্চিত করা কঠিন
হ্যালোইনসহ বিভিন্ন উৎসবের সময় বন্দুক হামলা ও অন্যান্য সহিংসতা প্রতিরোধ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মিয়ামি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞানী এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ব্যুরো অব জাস্টিস স্ট্যাটিস্টিকসের সাবেক পরিচালক অ্যালেক্সিস পিকেরো বলেন, প্রতিটি পানশালা কিংবা পার্কিং এলাকায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব নয়। ফলে উৎসবের সময় সব জায়গায় নিরাপত্তা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
ডালাসে ৭৫ মিনিটে তিন দফা বন্দুক হামলা
টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে তিনটি পৃথক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ১ নভেম্বর ভোরে এসব হামলায় অন্তত চারজন নিহত এবং ১৫ জন আহত হন।
হামলাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। হতাহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।
ডালাস পুলিশের প্রধান ড্যানিয়েল কোমো বলেন, শনিবার রাত ও হ্যালোইন উৎসবের বিষয়টি বিবেচনায় নিয়ে আগেই পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ডিপ এলাম এলাকার রাস্তায় মানুষের ছোটাছুটি করতে দেখা যায়। বার, রেস্তোরাঁ ও কনসার্টের জন্য পরিচিত এলাকাটিতে সাম্প্রতিক সময়ে অপরাধ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছিল। ২০২৬ সালে সেখানে অন্তত সাতটি বার ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে।
১ নভেম্বর সকাল নাগাদ পুলিশের ঘিরে রাখা এলাকাগুলোর রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ে। চারদিকে পড়ে ছিল উৎসবের পরিত্যক্ত আবর্জনা। পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডালাস পুলিশের প্রধান বলেন, ‘এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
