![]()
কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় তাৎক্ষণিক কার্যকরের সিদ্ধান্ত, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ
জেমস আব্দুর রহিম রানা:
দেশের সার ব্যবস্থাপনা, বাজার নিয়ন্ত্রণ এবং সরকারি সার সরবরাহ ও বিতরণ কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আওতায় ২০২৬ সালে সম্পন্ন হওয়া সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সরকার। একই সঙ্গে ওই প্রক্রিয়ায় সার ডিলার হিসেবে নির্বাচিত সব প্রার্থীর নিয়োগাদেশ ও নিয়োগপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক সরকারি নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের জারি করা নোটিশে উল্লেখ করা হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা এবং সরকারি সার সরবরাহ ও বিতরণ কার্যক্রমের স্বার্থ বিবেচনায় বিএডিসির আওতায় ২০২৬ সালে অনুষ্ঠিত সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়, নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ওই প্রক্রিয়ায় নির্বাচিত সব সার ডিলারের নিয়োগাদেশ ও নিয়োগপত্রও বাতিল করা হয়েছে। সরকারের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করার পাশাপাশি সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে জারি করা ওই নোটিশে স্বাক্ষর করেছেন অধিশাখার মহাপরিচালক ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
নোটিশটি কৃষি মন্ত্রণালয়ের সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে ২০২৬ সালের বিএডিসির সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত প্রার্থীদের নিয়োগ কার্যক্রম আর বহাল থাকছে না। সার বিতরণ ও বাজার ব্যবস্থাপনায় এর পরবর্তী প্রভাব কী হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করবে।
