![]()
নিউজ প্রোভাইডার
বাবা-মায়ের সামাজিক সুরক্ষা ও ভরণপোষণ নিশ্চিত করতে বিদ্যমান আইনি কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ সংশোধন করে অপরাধীদের জন্য শাস্তির মেয়াদ, জরিমানার পরিমাণ এবং কারাদণ্ডের বিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। গতকাল রবিবার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের এক লিখিত প্রশ্নের উত্তরে সমাজকল্যাণমন্ত্রী জানান, সংশ্লিষ্ট সকল অংশীজন বা স্টেকহোল্ডারদের মতামত ও বাস্তবতার ভিত্তিতে এই আইনটি সংশোধনের কাজ চলছে। আইনটিকে আরও যুগোপযোগী, কার্যকর ও কঠোর করতে সংশোধিত খসড়ায় সাজা ও জরিমানার হার বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় আইনি সুরক্ষার বিষয়গুলো যুক্ত করা হবে।
সামাজিক নিরাপত্তা ভাতায় দুর্নীতি রোধে দেশব্যাপী ‘শুদ্ধি অভিযান’
একই অধিবেশনে দেশে চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে অতীতের নানা অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের কথা স্বীকার করেছেন সমাজকল্যাণমন্ত্রী। নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে প্রকৃত দুস্থদের বঞ্চিত করে রাজনৈতিক বিবেচনায় এবং অনিয়মের মাধ্যমে অনেককে এই তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে। বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয় এসব জালিয়াতির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিচ্ছে।
মন্ত্রী সংসদকে আরও জানান, প্রকৃত অসচ্ছল, দুস্থ ও যোগ্য ব্যক্তিরাই যাতে সরকারি ভাতা পান এবং ভুয়া সুবিধাভোগীদের যাতে তালিকা থেকে বাদ দেওয়া যায়, সেজন্য দেশব্যাপী একটি বড় ধরনের ‘শুদ্ধি অভিযান’ শুরু হয়েছে। এই লক্ষ্যে বর্তমান তালিকাটি মাঠপর্যায়ে পুনরায় নিখুঁতভাবে যাচাই-বাছাই করার জন্য গত ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে।
