![]()
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান আর বেশিদিন এভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারবে বলে তিনি মনে করেন না।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না তারা আর বেশিদিন এভাবে চলতে পারবে।’
এদিকে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমান হরমুজ প্রণালি পুনরায় জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্যে একটি অস্থায়ী চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগকে যুদ্ধ পরিস্থিতি প্রশমনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ১৭ জন সেনাসদস্য ও একজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি বাহিনী। সরকারি বাহিনীর দাবি, আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।
এর আগে হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, মারিব ও হাদরামাউত এলাকায় জরুরি বাহিনীর ঘাঁটিগুলো লক্ষ্য করে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। এসব হামলায় সেনাসদস্য, অস্ত্র ও সামরিক যান ধ্বংস হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৯ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৪৮ ডলারে পৌঁছেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৫ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে।
সূত্র: আল-জাজিরা
