![]()
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, এই ভোটার তালিকা দিয়েই আপাতত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে কমিশন পরবর্তীতে অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে। সে ক্ষেত্রে বর্তমান তালিকাটি সম্পূরক তালিকা হিসেবে ব্যবহৃত হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব জানান, আচরণবিধি সংশ্লিষ্ট প্রস্তাব আজ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনসংক্রান্ত আইন সংশোধনের বিষয়টি এখনো আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। সংশ্লিষ্ট নথি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, রোববার থেকেই রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকালে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
তিনি জানান, এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো দল, প্রার্থী বা প্রতিনিধি মনোনয়নপত্র সংগ্রহ করেননি। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এ পর্যন্ত শুধু বিএনপিই দুটি মনোনয়নপত্র নিয়েছে।
