![]()
টাচ্ প্রতিবেদক, ঢাকা: নারী নেতৃত্ব বিকাশ ও তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন জোরদারে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর বাস্তবায়িত ‘বিকশিত নারী নেটওয়ার্ক’ (বিএনএন)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ এপ্রিল রাজধানীর ইএসডিও মিলনায়তন-এ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনএন-এর সভাপতি নারীনেত্রী জাহান পান্না।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেনিং অ্যান্ড এমপাওয়ারমেন্ট বিভাগের ডিরেক্টর জমিরুল ইসলাম এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার দিলীপ কুমার সরকার।
মতবিনিময় সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন সহ-সভাপতি হেলেনা তাহের (কক্সবাজার), যুগ্ম সম্পাদক শাহানা হক (কুমিল্লা), কোষাধ্যক্ষ সাম সিয়ারা জামান কলি (রংপুর), নির্বাহী সদস্য ক্যামেলিয়া চৌধুরী (ঢাকা), আফরোজা ইসলাম মিষ্টি (ঝিনাইদহ), ফাতেমা পারভীন (বরিশাল), রেহেনা আফরোজ শোভা (খুলনা), হেনা বেগম (সিলেট) ও হাসিনা হায়দার চামিলি (ময়মনসিংহ)সহ ১০ অঞ্চলের প্রতিনিধিবৃন্দ।
সভা শুরুর আগে কেন্দ্রীয় কমিটির নারী নেত্রীরা কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে প্রশান্ত ত্রিপুরা বলেন, তৃণমূল পর্যায়ে নারীর নেতৃত্ব বিকাশে বিএনএন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
এ সময় বিভিন্ন অঞ্চলের নারী নেত্রীরা তাদের নিজ নিজ এলাকায় বাস্তবায়িত বিএনএন-এর কার্যক্রম, সাফল্য ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং অভিজ্ঞতা বিনিময় করেন।
সভায় বিএনএন-এর সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জমিরুল ইসলাম। তিনি নারীর ক্ষমতায়নে টেকসই উদ্যোগ গ্রহণ এবং নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ‘কার্যক্রম পরিচালনার নীতিমালা’ পর্যালোচনা, সংযোজন ও পরিমার্জনের প্রয়োজনীয়তা তুলে ধরেন দিলীপ কুমার সরকার।
মতবিনিময় সভায় বক্তারা নারীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
