![]()
মাইক্রোবাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ১১
নিউজ প্রোভাইডার
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার ক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। পথে ক্রসিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন মাইক্রোবাসে থাকা আরও অন্তত ১১ জন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহত দুজনের মধ্যে একজন আনুমানিক ২৩ থেকে ২৫ বছর বয়সী তরুণী এবং অন্যজন ৪০ বছরের বেশি বয়সী পুরুষ। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের বাড়ি কক্সবাজারের ঈদগাঁও এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
