![]()
নিউজ প্রোভাইডারঃ
যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর ব্যস্ততম গণপরিবহন মেট্রোরেল চলাচলে হঠাৎ বিঘ্ন ঘটেছে। নির্ধারিত সময়ে ট্রেন না আসায় প্ল্যাটফর্মগুলোতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী ও সাধারণ যাত্রীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে উত্তরা-মতিঝিল ও মতিঝিল-উত্তরা রুটে ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলাচল করায় এই শিডিউল বিপর্যয় ঘটে। সকালের ব্যস্ত সময়ে ট্রেন আসতে বিলম্ব হওয়ায় প্রতিটি স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের প্রচণ্ড ভিড় জমে যায়।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, সকালের দিকে হঠাৎ করেই ট্রেন চলাচলের গতি কমে যায় এবং স্টেশনগুলোতে নির্ধারিত সময়ে ট্রেন না পৌঁছানোয় যাত্রীর চাপ বাড়ে। বিশেষ করে মিরপুর-১০, শেওড়াপাড়া, আগারগাঁও এবং ফার্মগেট মেট্রো স্টেশনে প্ল্যাটফর্ম ছাড়িয়ে সিঁড়ি ও প্রবেশমুখ পর্যন্ত যাত্রীদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। জরুরি গন্তব্যে যাওয়ার জন্য এসে অনেকেই স্টেশনে আটকে পড়ে ভোগান্তির শিকার হন।
তবে এই সাময়িক বিঘ্ন ও শিডিউল বিপর্যয়ের বিষয়ে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
