![]()
নিউজ প্রোভাইডারঃ
দেশে মারাত্মক আকার ধারণ করা হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে আরও ১১ জন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যে এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিন ও প্রতিবেদনে এ উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে দেশজুড়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ১ হাজার ২৭০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে। মোট মৃতের মধ্যে পরীক্ষা-নিরীক্ষায় ১০০ শতাংশ নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে মারা গেছে ৯৭৫ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাম একটি মারাত্মক সংক্রামক ব্যাধি যা দ্রুত শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ে। শিশুদের সময়ে টিকাদান সম্পন্ন করা এবং শরীরে লালচে দানা, জ্বর কিংবা শারীরিক কোনো জটিলতা দেখা দিলে বিলম্ব না করে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
