![]()
তালেবান সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানে আফিম উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছরের তুলনায় দেশটিতে পোস্ত চাষের জমির পরিমাণ ৩৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে আফিম উৎপাদন পাঁচ গুণ বেড়ে ১ হাজার ৫০০ টনে পৌঁছেছে। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২২ সালে তালেবান সরকার পোস্ত চাষ নিষিদ্ধ করার পর আফগানিস্তানে পোস্ত চাষ ও আফিম উৎপাদনে এটিই প্রথম উল্লেখযোগ্য বৃদ্ধি।
ইউএনওডিসি জানিয়েছে, জীবিকা নির্বাহের তাগিদে দেশটির কিছু দরিদ্র কৃষক আবারও পোস্ত চাষ শুরু করেছেন। পোস্তগাছের আঠালো নির্যাস থেকে আফিম তৈরি করা হয়, যা অবৈধ মাদক উৎপাদনের অন্যতম প্রধান কাঁচামাল।
কয়েক দশক ধরে আফগানিস্তান ছিল বিশ্বের অবৈধ আফিমের সবচেয়ে বড় উৎস। পোস্ত চাষ নিষিদ্ধ হওয়ার আগে বিশ্ববাজারে সরবরাহ করা মোট অবৈধ আফিমের প্রায় ৮০ শতাংশই আসত দেশটি থেকে।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর ২০২২ সালের এপ্রিলে ধর্মীয় কারণ দেখিয়ে পোস্ত চাষসহ সব ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করে তাদের সরকার।
তবে নিষেধাজ্ঞার পরও আফগানিস্তানের কিছু এলাকায় কৃষকদের পোস্ত চাষে ফিরে আসা এবং আফিম উৎপাদন বৃদ্ধির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। জীবিকার সংকট ও অর্থনৈতিক চাপের কারণে দরিদ্র কৃষকেরা এ চাষে ফিরছেন বলে জানিয়েছে ইউএনওডিসি।
সূত্র: বিবিসি
