![]()
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ৭ ও ৮ নভেম্বর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংগঠনিক পর্যায়ে এসব কর্মসূচি পালন করবে সংগঠনটি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ছাত্রদলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত জানানো হয়। কর্মসূচি সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
ঘোষিত কর্মসূচির প্রথম দিন ৭ নভেম্বর (শনিবার) দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোস্টার সাঁটানো হবে।
একই দিন সকাল ১১টায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ ছাড়া দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নেবেন ছাত্রদলের ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
দুই দিনের কর্মসূচির শেষ দিন ৮ নভেম্বর (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করবে ছাত্রদল।
একই দিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর ও জেলা পর্যায়েও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংগঠনটির ঘোষিত কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংগঠনিক পর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালিত হবে।
