Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

বাংলাদেশ ব্যাংকের সতর্কতা, ২০ লাখ টাকার ঋণ নিয়ে প্রতারণা!

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ৬, ২০২৬ ৭:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে কিছু চক্র। বিকাশসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে এসব চক্র টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ পরিস্থিতিতে ঋণ পাওয়ার নিশ্চয়তা দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে টাকা না দেওয়ার জন্য সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্প্রতি তাদের নজরে এসেছে, ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কিছু ব্যক্তি বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছে।

কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হচ্ছে। তাই ঋণ নিশ্চিত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেউ অর্থ দাবি করলে তাতে সাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

‘উদ্যোগ’ নামে নেই বাংলাদেশ ব্যাংকের কোনো ফেসবুক পেজ

সতর্কবার্তায় বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ‘উদ্যোগ’ নামে তাদের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল অ্যাকাউন্ট নেই।

এই নামে ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কিংবা প্রতারণামূলক কার্যক্রম চালানো হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের ওপর নির্ভর না করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।

উদ্যোক্তারা পাবেন সর্বোচ্চ ২০ লাখ টাকা

এদিকে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ‘উদ্যোগ’ কর্মসূচি সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। গত ১ নভেম্বর শুরু হওয়া আবেদন কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

এই কর্মসূচিতে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা সহায়তা পেতে পারেন। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে এককালীন বিতরণের পরিকল্পনা রয়েছে। অনুদানের অর্থের জোগান দেওয়া হবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী তরুণ উদ্যোক্তাদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।

আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইটে।

এর আগে পরীক্ষামূলকভাবে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে আবেদন গ্রহণ করা হয়েছিল। গত ১৬ সেপ্টেম্বর শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হওয়া ওই পর্যায়ে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে।

তরুণ উদ্যোক্তাদের জন্য এই অর্থায়ন কর্মসূচিতে আবেদন করতে আগ্রহীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করার পাশাপাশি ঋণ পাইয়ে দেওয়ার নামে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।