![]()
আইন পেশায় সফল হতে হলে সততা, পরিশ্রম ও পেশাগত দায়িত্ববোধের বিকল্প নেই। শর্টকাটে অর্থ উপার্জনের চিন্তা করলে কখনোই ভালো আইনজীবী হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আগামী প্রজন্মই দেশ ও সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই একটি মসৃণ ও প্রগতিশীল সমাজ গড়ে উঠবে।
অনুষ্ঠানে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে মানবিক হওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ করে মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনা না করে দায়িত্বশীলতার সঙ্গে আদালতে দাঁড়ানোর পরামর্শ দেন আইনমন্ত্রী।
তিনি বলেন, আদালতে কোনো মক্কেলের পক্ষে দাঁড়ানোর সময় শুধু তার দেওয়া ফি বা অর্থের বিষয়টি বিবেচনা করা উচিত নয়। বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার মানসিকতা নিয়ে একজন আইনজীবীকে নিজের দায়িত্ব পালন করতে হবে।
আইনমন্ত্রী আরও বলেন, একজন ভালো আইনজীবী হতে হলে সৎ ও পরিশ্রমী হওয়ার পাশাপাশি পেশাগত দায়িত্বের প্রতি আন্তরিক থাকতে হবে। অর্থ উপার্জনের শর্টকাট পথ খোঁজার পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
আইন পেশায় সততা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের আইনজীবীরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
