![]()
বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিচ্ছেদের গুঞ্জন চলছে। এর মধ্যেই একসঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন এই তারকা জুটি। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার আয়োজিত দীপাবলির অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন ঐশ্বরিয়া ও অভিষেক। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আয়োজিত ওই অনুষ্ঠানে বলিউডের আরও অনেক তারকা অংশ নেন।
তবে অনুষ্ঠানে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক। দুজনকে হাত ধরে অনুষ্ঠানে প্রবেশ করতে দেখা যায়। ঐশ্বরিয়ার পরনে ছিল উজ্জ্বল লাল শাড়ি। অন্যদিকে কালো শেরওয়ানিতে দেখা যায় অভিষেককে।
অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে হাসিমুখে ছবি তুলতে এবং ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা যায়। কখনো অভিষেকের পাশে দাঁড়িয়ে, আবার কখনো তার বাহুডোরে থেকে ক্যামেরার সামনে পোজ দেন ঐশ্বরিয়া।
তাদের এই মুহূর্তের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই দীর্ঘদিন পর দুজনকে এভাবে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
একজন মন্তব্য করেছেন, তাদের ওপর যেন কারও কুদৃষ্টি না পড়ে। আরেকজন লিখেছেন, বহুদিন পর এই জুটিকে এমন সুন্দর মুহূর্তে দেখা গেল।
ঐশ্বরিয়ার সাজও নজর কেড়েছে ভক্তদের। সোনালি সুতার কারুকাজ করা লাল শাড়ি, লাল লিপস্টিক ও ঐতিহ্যবাহী সাজে অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। অন্যদিকে কালো শেরওয়ানিতে অভিষেককেও বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল।
বিচ্ছেদের গুঞ্জন কতটা সত্য?
গত কয়েক মাস ধরে ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্য জীবন নিয়ে নানা আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদ নিয়ে বিভিন্ন জল্পনা ছড়িয়েছে। তবে এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর নিশ্চিত করেননি।
উল্লেখ্য, একটি সিনেমার শুটিংয়ে প্রথম পরিচয় হয় ঐশ্বরিয়া ও অভিষেকের। পরে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের। ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেন এই তারকা জুটি। ২০১১ সালের নভেম্বরে তাদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান আরাধ্যা।
