![]()
দেশে নতুন দুটি থানা, একটি পৌরসভা, একটি পুলিশ তদন্তকেন্দ্র এবং দুটি অধিদপ্তর গঠনের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি একটি থানার নাম পরিবর্তনের প্রস্তাবও রয়েছে। এ বিষয়ে সাতটি প্রস্তাব নিয়ে সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রাক-নিকার সচিব কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রস্তাবগুলো চূড়ান্তভাবে অনুমোদিত হলে দেশের প্রশাসনিক কাঠামোয় বেশ কিছু পরিবর্তন আসতে পারে।
যেসব পরিবর্তনের প্রস্তাব
মন্ত্রিপরিষদ বিভাগের কাছে পাঠানো প্রস্তাব অনুযায়ী, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’ করার সুপারিশ করেছে আইন ও বিচার বিভাগ।
অন্যদিকে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে (বাপাউবো) ‘বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তর’ করার প্রস্তাব দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। এ ছাড়া সিলেটের জৈন্তাপুর উপজেলায় নতুন পৌরসভা গঠনের প্রস্তাব রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চারটি প্রস্তাব বৈঠকের কার্যতালিকায় রাখা হয়েছে। এর মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কনকাপৈত পুলিশ তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় নতুন থানা স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
জয়পুরহাটের কালাই থানার মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার এলাকায় একটি পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের প্রস্তাবও রয়েছে।
অন্যদিকে, ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
জৈন্তাপুরে পৌরসভা গঠনের উদ্যোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৌরসভা গঠনের উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে। এ লক্ষ্যে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি একটি আধাসরকারি পত্র দেন।
প্রস্তাব অনুযায়ী, নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়ন নিয়ে নতুন পৌরসভাটি গঠিত হতে পারে। বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া শেষে প্রস্তাবটি এবার প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে তোলা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তর করার যুক্তি কী?
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের পক্ষে বেশ কিছু যুক্তি তুলে ধরেছে পানিসম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন স্বাক্ষরিত একটি সারসংক্ষেপ গত ১৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।
সেখানে বলা হয়েছে, পানি উন্নয়ন বোর্ড ৬৫ বছরের বেশি সময় ধরে দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে সরকারি অন্যান্য প্রকৌশল সংস্থার মতো দায়িত্ব পালন করলেও ‘বোর্ড’ হিসেবে পরিচিতির কারণে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রশাসনিক ও অর্থনৈতিক জটিলতার মুখে পড়ছে।
সারসংক্ষেপে আরও উল্লেখ করা হয়েছে, সামাজিক সুরক্ষা ও মর্যাদাগত বৈষম্যের কারণে বোর্ডে কর্মরত অনেক প্রকৌশলী ও কর্মচারীর মধ্যে অন্য অধিদপ্তর ও সংস্থায় চাকরির আগ্রহ তৈরি হচ্ছে। এতে প্রতিষ্ঠানের দক্ষতা ও কাজের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিকার
সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেছে পানিসম্পদ মন্ত্রণালয়।
এর মধ্যে রয়েছে খাল খনন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, ভূগর্ভস্থ পানির সংরক্ষণ, কৃষিজমির লবণাক্ততা দূরীকরণ, তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারাজ বাস্তবায়নের মতো উদ্যোগ।
উল্লেখ্য, নিকার বা প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি দেশের প্রশাসনিক সীমানা ও কাঠামো পরিবর্তনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে। নতুন জেলা, উপজেলা, থানা, সিটি করপোরেশন ও পৌরসভা গঠনের প্রস্তাবও এ কমিটিতে বিবেচিত হয়।
তবে প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে কোনো প্রস্তাবের পক্ষে সুপারিশ পাওয়া মানেই সেটি চূড়ান্ত অনুমোদন নয়। প্রস্তাবগুলো কার্যকর করতে নিকারের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।
