Touch Bangladesh
ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ফরিদপুরে দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়ের মৃত্যু

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ৯, ২০২৬ ৫:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

সারাদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক বিরোধ, স্বামীর দ্বিতীয় বিয়ে ও তালাকের হুমকির অভিযোগের মধ্যে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছিলেন এক নারী। ঘটনার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। এর আগে মারা গেছে তাঁর ছোট ছেলে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পাঁচ বছর বয়সী মেয়ে।

ফরিদপুরের বোয়ালমারীতে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করা আছিয়া বেগম (২৮) মারা গেছেন। রোববার (৮ নভেম্বর) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পাঁচ দিন পর মৃত্যুর কাছে হার মানেন তিনি।

এর আগে একই ঘটনায় অসুস্থ হয়ে ১৯ মাস বয়সী ছেলে জিসানের মৃত্যু হয়। পাঁচ বছর বয়সী মেয়ে তাবিয়া মিনহা এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামে বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করেন আছিয়া। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই দিনই মা ও দুই সন্তানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মারা যায় ছোট ছেলে জিসান। এরপর পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান আছিয়া।

পারিবারিক বিরোধ ও যৌতুক দাবির অভিযোগ

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে বোয়ালমারী উপজেলার রূপাপাত গ্রামের আমিনুর শেখের সঙ্গে বিয়ে হয় আছিয়ার। তাঁদের তিন সন্তান রয়েছে। বড় ছেলে দ্বীন ইসলাম (১০) স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

আছিয়ার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তাঁর বিরোধ চলছিল। সংসারে আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় দেড় বছর আগে আছিয়ার বাবা সত্তার মোল্যা প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে আমিনুরকে বিদেশে পাঠান। তবে এরপরও দাম্পত্য কলহের অবসান হয়নি।

একপর্যায়ে তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন আছিয়া।

পরিবারের দাবি, গত ২৫ সেপ্টেম্বর আছিয়ার বাবার বাড়িতে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক হয়। সেখানে আমিনুর ও তাঁর পরিবারের সদস্যরা আবার বিদেশে যাওয়ার জন্য পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে আছিয়াকে স্ত্রী হিসেবে গ্রহণ না করা এবং তালাক দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের।

পরে স্বামীর দ্বিতীয় বিয়ের বিষয়টিও জানতে পারেন আছিয়া।

স্বামীর সঙ্গে ফোনে কথা বলার পর ঘটনা

পরিবারের ভাষ্য অনুযায়ী, স্বামীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য দীর্ঘদিন চেষ্টা করছিলেন আছিয়া। একপর্যায়ে অনেক খোঁজাখুঁজির পর আমিনুরের মোবাইল নম্বর সংগ্রহ করে তাঁর সঙ্গে যোগাযোগ করেন তিনি।

আছিয়ার বাবা সত্তার মোল্যার দাবি, গত ৩ নভেম্বর বিকেলে স্বামীর সঙ্গে ফোনে কথা বলার পরপরই দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করেন তাঁর মেয়ে।

যা বলছে পুলিশ

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে আছিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

তিনি আরও জানান, আছিয়ার করা নারী নির্যাতন ও যৌতুক দাবির মামলায় তাঁর স্বামীও পলাতক আসামি।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।