![]()
সারাদেশ
রাজধানীর মিরপুরের রূপনগর থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের পর পালানোর চেষ্টা করার সময় মো. আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
পুলিশের দাবি, গ্রেফতার আশরাফুল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন সদস্য। এ সময় তার কাছ থেকে একটি ককটেলও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে রূপনগর থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন আশরাফুল। বিষয়টি টের পেয়ে পুলিশ তাকে ধাওয়া করে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে।
গ্রেফতার আশরাফুল কুমিল্লার মুরাদনগর উপজেলার ছোট আলীর চর এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি রাজধানীর রূপনগর এলাকার সেকশন-৭-এর ঝিলপাড় বস্তিতে বসবাস করতেন। পেশায় তিনি একজন প্রাইভেটকার চালক।
ডিএমপির উপপুলিশ কমিশনার আকতার হোসেন জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল দাবি করেছেন, স্থানীয় জসীম নামে এক আওয়ামী লীগ নেতার পরামর্শে তিনি থানার সামনে ককটেল নিক্ষেপ করেন।
এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।
