![]()
নিউজ প্রোভাইডার
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।
সোমবার (১৬ নভেম্বর) তিনি তদন্ত কেন্দ্রটির সার্বিক কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা ও পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্ত কেন্দ্রের কর্মকর্তা ও ফোর্সের সংখ্যা, বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, হাজতখানা, সার্ভিস ডেস্কসহ দাপ্তরিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের ব্যারাক, মেস, আবাসন সুবিধা এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থাও ঘুরে দেখেন।
এ সময় তিনি তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
পুলিশ সুপার জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাধারণ মানুষ যেন দ্রুত, আন্তরিক ও মানসম্মত পুলিশি সেবা পান, তা নিশ্চিত করার নির্দেশনা দেন।
তিনি জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেন। জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সেবাপ্রত্যাশীদের সমস্যা গুরুত্বের সঙ্গে শোনা এবং পেশাদারিত্বের সঙ্গে আইনানুগ সেবা প্রদানের বিষয়েও পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ ইব্রাহিম আহম্মেদ এবং তদন্ত কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম, দাপ্তরিক শৃঙ্খলা ও সেবার মান পর্যবেক্ষণের অংশ হিসেবে এ ধরনের পরিদর্শন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
