![]()
হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য পরিবেশগত ও সামাজিক ঝুঁকি চিহ্নিতকরণ এবং তা প্রশমনের উপায় নির্ধারণে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বাস্তবায়নাধীন হিট প্রকল্পের উদ্যোগে আয়োজিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল হিট প্রকল্প বাস্তবায়নের ফলে সৃষ্ট সম্ভাব্য পরিবেশগত ও সামাজিক ঝুঁকি চিহ্নিত করা, এসব ঝুঁকি প্রশমনের কার্যকর উপায় নির্ধারণ এবং প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে এ বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিন, পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) অধ্যাপক ড. মো. আহসানুল হক এবং বিশ্বব্যাংকের প্রতিনিধি শাহরিন হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিট প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ড. নাজনীন আফরোজ। স্বাগত বক্তব্য দেন বিশ্বব্যাংকের প্রতিনিধি সৈয়দ নাজমুল হোসেন।
কর্মশালায় হিট প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্বব্যাংক ও ইউজিসির প্রতিনিধিদের পাশাপাশি সিভাসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে পরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় করণীয় নির্ধারণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।
