![]()
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় মেঘনা গ্রুপের প্রায় ৭ থেকে ৮ টন কয়লা চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়লাবাহী একটি ট্রাকসহ একজনকে স্থানীয়রা আটক করেন। পরে ট্রাক থেকে প্রায় ৮ টন কয়লা উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নের ফজলুর রহমানের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, কয়লা আনলোড করার সময় ট্রাকে কিছু কয়লা রেখে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। নিরাপত্তারক্ষীর সন্দেহ হলে তিনি ট্রাকটির পিছু নেন।
যেভাবে ধরা পড়ে কয়লাবাহী ট্রাক
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ট-১৩-৮৬৪৯ নম্বরের একটি টাটা পণ্যবাহী ট্রাকে করে মেঘনা গ্রুপের প্রায় ৭ থেকে ৮ টন কয়লা সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। অভিযোগ উঠেছে, ট্রাকটি কয়লার ড্যাম্প থেকে বের হওয়ার পর বিষয়টি জানাজানি হলে ট্রাকের মালিক পরিচয়ে মশিয়ার রহমান নামের এক ব্যক্তি ঘটনাস্থল থেকে সরে যান।
পরে ট্রাকটি সরিয়ে নেওয়ার চেষ্টা করলে পাশের আরেকটি ট্রাকের চালককে স্থানীয়রা আটক করেন। জিজ্ঞাসাবাদে ওই চালক জানান, ট্রাকটি মশিয়ার রহমান নামের এক ব্যক্তির।
আটক চালকের বক্তব্য
আটক ট্রাকচালকের দাবি, মশিয়ার রহমান ঘাট থেকে বের হয়ে তাঁকে ফোন করে দ্রুত কালভার্টের কাছে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি ট্রাকটি পেলেও মশিয়ার রহমানকে পাননি। পরে ফোন করলে তাঁকে ট্রাকটি ভাঙ্গা গেটে মালিকের বাসার সামনে পৌঁছে দিতে বলা হয়।
আটক চালক বলেন, “মশিয়ার ভাই গাড়ি নিয়ে ঘাট থেকে বের হয়ে আমাকে ফোন দিয়ে জানান, দ্রুত কালভার্টের ওখানে চলে আয়। আমি কালভার্টের ওখানে যেয়ে ট্রাকটি পেলেও মশিয়ার ভাইকে পাইনি। পরে মশিয়ার ভাইকে ফোন করলে তিনি বলেন, গাড়িতে সমস্যা হয়েছে গাড়িটা টেনে ভাঙ্গা গেটে আমার বাসার সামনে পৌঁছে দে।”
তাঁর ভাষ্য, পরে কয়লার ড্যাম্পের নিরাপত্তাকর্মী ট্রাকটি ড্যাম্পে ঢোকাতে বললে তিনি ট্রাকে কয়লা দেখতে পান।
অভিযোগ অস্বীকার ট্রাক মালিকের
ট্রাকের মালিক মশিয়ার রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কয়লা চুরির চেষ্টায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, তিনি দুই বছর ধরে নিজে গাড়ি চালান না। বসুন্দিয়ার জঙ্গলবাধাল এলাকার মাসুদ নামের একজন চালক ট্রাকটি চালান।
মশিয়ার রহমান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি সামান্য শুনেছেন। একই সঙ্গে জানান, ওই দিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ায় বিস্তারিত কথা বলতে পারছেন না।
ঠিকাদার ও মেঘনা গ্রুপের বক্তব্য
মেঘনা গ্রুপের কয়লা পরিবহনের দায়িত্বে রয়েছে ঘাট মালিক মেসার্স ফজলু এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রাকসহ একজনকে স্থানীয়রা ধরে ড্যাম্পে রেখেছেন এবং কয়লা উদ্ধার করা হয়েছে। ট্রাক মালিক আসার পর বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফজলুর রহমানের ভাষ্য, ট্রাক থেকে কয়লা আনলোড করার সময় অর্ধেক নামিয়ে বাকি অর্ধেক ট্রাকে রেখেই সেটি বেরিয়ে যায়। নিরাপত্তারক্ষীর সন্দেহ হলে তিনি ট্রাকটির পিছু নেন এবং সেটি ধরে ফেলেন।
মেঘনা গ্রুপের নওয়াপাড়া অফিসের দায়িত্বপ্রাপ্ত রাজু আহম্মেদ জানান, প্রায় ৮ টন কয়লা চুরির চেষ্টা হয়েছে। বিষয়টি তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন। পরিবহনের দায়িত্ব ফজলু এন্টারপ্রাইজের। তাদের পরবর্তী পদক্ষেপ দেখার পর অফিসিয়ালভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় কয়লা উদ্ধারের কথা জানানো হলেও পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
