![]()
নতুন সিনেমায় ফিরছে প্যানেমের নিষ্ঠুর দুনিয়া, এবার গল্পের কেন্দ্রে তরুণ হেমিচ
‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ সিনেমায় উঠে আসবে ৫০তম হাঙ্গার গেমসের ভয়াবহ কাহিনি। আগামীকাল বিশ্বজুড়ে মুক্তির অপেক্ষায় রয়েছে নতুন এই প্রিকুয়েল।
‘দ্য হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির গল্পে আবারও ফিরছে প্যানেমের সেই নিষ্ঠুর দুনিয়া। তবে এবার গল্পের কেন্দ্রে নেই ক্যাটনিস এভারডিন। দর্শক ফিরে যাবেন এমন এক সময়ে, যখন তরুণ হেমিচ অ্যাবারনেথি লড়ছিলেন নিজের জীবন বাঁচানোর জন্য।
৫০তম হাঙ্গার গেমসের ভয়াবহ অভিজ্ঞতা, ক্ষমতার নিষ্ঠুর রাজনীতি এবং এক তরুণের টিকে থাকার সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে নতুন প্রিকুয়েল ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’।
এবারের গল্পের কেন্দ্রে ১৬ বছর বয়সী হেমিচ অ্যাবারনেথি। ৫০তম হাঙ্গার গেমসে ১২টি জেলা থেকে মোট ৪৮ জন প্রতিযোগীকে মৃত্যুর লড়াইয়ে নামতে হবে। সেখানে টিকে থাকার পাশাপাশি ক্যাপিটলের ক্ষমতার বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টাও উঠে আসবে।
দ্বিগুণ প্রতিযোগী, দ্বিগুণ ভয়াবহতা
ফ্র্যাঞ্চাইজির পরিচিত জগৎকে নতুন দৃষ্টিকোণ থেকে তুলে ধরাই এই সিনেমার অন্যতম আকর্ষণ। সিনেমাটি পরিচালনা করেছেন ফ্রান্সিস লরেন্স। এর আগে ‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের একাধিক সিনেমা পরিচালনা করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।
নতুন ছবিতেও ফিরে আসছে সেই পরিচিত ডিস্টোপিয়ান জগৎ, রাজনৈতিক ষড়যন্ত্র ও টানটান উত্তেজনার আবহ। সিনেমাটির কাহিনির পটভূমি ৫০তম হাঙ্গার গেমস, যা ‘সেকেন্ড কোয়ার্টার কোয়েল’ নামে পরিচিত। প্যানেমের শাসকগোষ্ঠী প্রতি ২৫ বছর পর এই বিশেষ আয়োজন করে থাকে।
নিয়ম অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় প্রতিটি জেলা থেকে স্বাভাবিকের দ্বিগুণসংখ্যক প্রতিযোগীকে মৃত্যুর লড়াইয়ে নামতে হবে। অর্থাৎ ১২টি জেলা থেকে মোট ৪৮ জন তরুণ-তরুণীকে পাঠানো হবে ভয়ংকর এক মরণমঞ্চে। সেখানে শেষ পর্যন্ত একজনই বিজয়ী হয়ে ফিরতে পারবেন।
হেমিচের জীবন বদলে দেওয়া ৫০তম হাঙ্গার গেমস
‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ সিনেমার গল্পের কেন্দ্রে আছেন ১৬ বছর বয়সী হেমিচ অ্যাবারনেথি। ডিস্ট্রিক্ট ১২-এর এই তরুণের জীবনে হাঙ্গার গেমস এক ভয়াবহ মোড় নিয়ে আসে।
প্রতিযোগিতায় নামার পর তার পরিচয় হয় মেসিলি ডোনারের সঙ্গে। দুজনের মধ্যে গড়ে ওঠে এক অপ্রত্যাশিত বন্ধুত্ব ও জোট। অন্যদিকে, প্রতিযোগিতার আড়ালে ক্যাপিটলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও চলতে থাকে।
প্রেসিডেন্ট স্নোর কঠোর শাসন, নজরদারি এবং ক্ষমতা ধরে রাখার নির্মম কৌশলের মুখোমুখি হতে হয় হেমিচকে। শুধু বেঁচে থাকাই নয়, প্রতিযোগিতার ভেতর থেকেই গেমসের নিয়ন্ত্রণ ভাঙার ঝুঁকিও নেয় সে।
এবারের গল্পে পরিচিত চরিত্রগুলোর অতীত জীবনের পাশাপাশি প্যানেমের রাজনৈতিক কাঠামো ও হাঙ্গার গেমসের নির্মমতার আরও গভীরে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সিনেমাটি সুজান কলিন্সের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। চিত্রনাট্য লিখেছেন বিলি রে ও মাইকেল লেসলি।
তারকাবহুল অভিনয়শিল্পীদের তালিকা
এবারের সিনেমায় তরুণ হেমিচের চরিত্রে অভিনয় করেছেন জোসেফ জাডা। মেসিলি ডোনার চরিত্রে রয়েছেন ম্যাকেনা গ্রেস। এ ছাড়া প্লুটার্ক হেভেনসবির চরিত্রে জেসি প্লিমন্স, প্রেসিডেন্ট স্নোর ভূমিকায় রালফ ফাইনেস, এফি ট্রিনকেট চরিত্রে এলি ফ্যানিং এবং সিজার ফ্লিকারম্যানের চরিত্রে কিয়েরান কালকিন অভিনয় করেছেন।
ড্রুসিলা সিসলের ভূমিকায় দেখা যাবে গ্লেন ক্লোজকে। গুরুত্বপূর্ণ আরও কয়েকটি চরিত্রে রয়েছেন মায়া হক, হুইটনি পিক ও কেলভিন হ্যারিসন জুনিয়র।
ফিরছেন ক্যাটনিস ও পিটা, থাকছেন উডি হ্যারেলসনও
এবারের সিনেমায় ফিরছে পুরোনো চরিত্ররাও। ফ্র্যাঞ্চাইজির পুরোনো দর্শকদের জন্য থাকছে আরও একটি আকর্ষণ। জেনিফার লরেন্স ও জশ হাচারসনকে আবারও ক্যাটনিস এভারডিন ও পিটা মেলার্কের চরিত্রে দেখা যাবে। এ ছাড়া উডি হ্যারেলসনও ফিরছেন হেমিচের পরিচিত রূপে।
তবে তাদের উপস্থিতি মূলত গল্পের শেষাংশের সময়ের সংযোগে। ফলে নতুন ও পুরোনো গল্পের মধ্যে তৈরি হবে একটি সেতুবন্ধ।
‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের আগের সিনেমাগুলোতে হেমিচ অ্যাবারনেথিকে দেখা গেছে একজন অভিজ্ঞ, তিক্ত ও হতাশাগ্রস্ত মানুষ হিসেবে। ক্যাটনিস ও পিটারকে প্রতিযোগিতার কৌশল শেখানোর সময় তাঁর আচরণে যেমন ছিল ব্যঙ্গ, তেমনি ছিল জীবনের প্রতি এক ধরনের অনীহা।
কিন্তু সেই মানুষটির এমন হয়ে ওঠার পেছনে রয়েছে দীর্ঘদিনের বেদনা ও ভয়াবহ অভিজ্ঞতা। নতুন সিনেমায় তাঁর কৈশোর, ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং বেঁচে থাকার লড়াইয়ের মধ্য দিয়ে সেই অতীতের পর্দা উন্মোচিত হবে। ফলে পুরোনো দর্শকদের কাছে এটি হবে পরিচিত একটি চরিত্রকে নতুন করে আবিষ্কারের অভিজ্ঞতা।
হেমিচ অ্যাবারনেথির অতীত, তাঁর জীবনের ক্ষত এবং পরবর্তী সময়ে বদলে যাওয়ার পেছনের ঘটনাগুলো জানার সুযোগ থাকছে এই প্রিকুয়েলে। একই সঙ্গে পুরোনো চরিত্রদের ফিরে আসা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
পুরোনো গল্পের নতুন অধ্যায়
সব মিলিয়ে ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ শুধু একটি নতুন প্রতিযোগিতার গল্প নয়; বরং হেমিচ অ্যাবারনেথির জীবনের ক্ষত, তাঁর লড়াই এবং পরবর্তী সময়ে তাঁর বদলে যাওয়ার পেছনের ঘটনাগুলো জানার সুযোগ।
যে মানুষটিকে দর্শক এত দিন ক্যাটনিস ও পিটারকে কঠোর, হতাশাগ্রস্ত ও মদ্যপ পরামর্শদাতা হিসেবে দেখেছেন, এবার জানা যাবে তাঁর সেই হয়ে ওঠার নেপথ্য কাহিনি। আগামীকাল বিশ্বজুড়ে মুক্তির মধ্য দিয়ে আবারও দর্শকদের ফিরিয়ে নেওয়ার অপেক্ষায় রয়েছে প্যানেমের রক্তাক্ত মঞ্চ।
