![]()
চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকা কাজীর দেউড়ি। প্রতিদিনের মতোই সড়কে যানবাহনের চাপ, পথচারীদের ব্যস্ত চলাচল। এরই মধ্যে হঠাৎ একটি ডিজিটাল বিলবোর্ডে ভেসে ওঠে ব্যতিক্রমী এক বার্তা—‘আই লাভ ইউ সানজিদা। তাজিম লাভস ইউ!’ সঙ্গে ছিল লাল রঙের হৃদয়ের প্রতীক।
ব্যস্ত সড়কের বিলবোর্ডে এমন ব্যক্তিগত ভালোবাসার প্রকাশ দেখে মুহূর্তেই পথচারীদের মধ্যে তৈরি হয় কৌতূহল।
সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য, সেবা কিংবা বাণিজ্যিক প্রচারণায় ডিজিটাল বিলবোর্ড ব্যবহার করা হয়। তবে এবার সেই প্রচলিত ধারণার বাইরে গিয়ে নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে বিলবোর্ডকেই বেছে নিয়েছেন তাজিম নামের এক ব্যক্তি। প্রেমিকার উদ্দেশে প্রকাশ্যে ভালোবাসার বার্তা দিতেই তাঁর এই ব্যতিক্রমী আয়োজন।
তবে কে এই সানজিদা? আর কে এই তাজিম? বিলবোর্ডে ভালোবাসার বার্তা প্রচারিত হলেও তাঁদের পরিচয় কিংবা সম্পর্কের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এমনকি এই আয়োজনের পেছনের গল্পও এখনো অজানা।
এদিকে ব্যস্ত সড়কে এমন অভিনব ভালোবাসার বার্তা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। কেউ দাঁড়িয়ে বার্তাটি দেখেছেন, আবার কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছেন। পরে ডিজিটাল বিলবোর্ডের সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
প্রেম নিবেদনের প্রচলিত মাধ্যম ফুল, চিঠি কিংবা উপহারের বাইরে গিয়ে ডিজিটাল বিলবোর্ডে ভালোবাসার এমন প্রকাশ নগরজুড়ে তৈরি করেছে ভিন্নধর্মী আলোচনা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা কৌতূহল ও প্রতিক্রিয়া।
তবে এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে একটি প্রশ্ন—তাজিমের প্রকাশ্য ভালোবাসার বার্তার জবাবে সানজিদার প্রতিক্রিয়া কী হবে? সেই উত্তর জানতে অপেক্ষায় রয়েছেন কৌতূহলী মানুষ।
