![]()
স্টাফ রিপোর্টার
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় প্রতি কেজি এলপিজির দাম ২৯ টাকা ৭০ পয়সা কমানো হয়েছে। ফলে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিইআরসি নতুন মূল্যহার ঘোষণা করে। নতুন এ দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় বিইআরসির শুনানি কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে নতুন মূল্যহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। একই সঙ্গে জুলাই মাসের জন্য নির্ধারিত এলপিজির নতুন মূল্যহার কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য হ্রাস পাওয়ায় সৌদি আরামকো ঘোষিত জুলাই ২০২৬ মাসের সৌদি কনট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) বিবেচনায় নিয়ে দেশের ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
কমিশন আরও জানায়, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই সৌদি সিপির ভিত্তিতে দেশে এলপিজির দাম সমন্বয় করা হয়। সেই ধারাবাহিকতায় জুলাই মাসে ১২ কেজির সিলিন্ডারসহ বিভিন্ন আকারের এলপিজির দাম কমানো হয়েছে।
নতুন মূল্যহার অনুযায়ী, ভোক্তারা আজ সন্ধ্যা ৬টা থেকে সংশোধিত দামে এলপিজি কিনতে পারবেন।
