![]()
জনপ্রিয় ব্রিটিশ কমেডি সিরিজ ‘দ্য ইনবিটউইনার্স’-এর ভক্তদের জন্য এল বড় খবর। এক দশকেরও বেশি সময় পর আবারও ছোট ও বড় পর্দার চার জনপ্রিয় চরিত্রকে ফের পর্দায় ফিরিয়ে আনছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটির নতুন সিক্যুয়েল নিয়ে নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।
২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক চ্যানেল ‘ইফোর’-এ সম্প্রচারিত তিনটি সিজনে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান সাইমন বার্ড, জেমস বাকলি, ব্লেক হ্যারিসন এবং জো থমাস। নিজ নিজ চরিত্রে অর্থাৎ উইল ম্যাকেঞ্জি, জে কার্টরাইট, নিল সাদারল্যান্ড ও সাইমন কুপার ভূমিকাতেই নতুন এই ফিচার ফিল্মে ফিরে আসছেন তারা। খবর অনুযায়ী, চলতি সপ্তাহের সোমবার থেকেই শুরু হচ্ছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রিভিল টিজারে দেখা যায়, সেই বিখ্যাত হলুদ রঙের কাল্ট ফিয়াট গাড়িতে চেপে আবারও যাত্রার প্রস্তুতি নিচ্ছেন চার বন্ধু। ছোট গাড়িতে উঠতে কসরত করা এবং ইঞ্জিন চালু করা নিয়ে হালকা বিড়ম্বনার পর গাড়িটি নিয়ে একটি স্টোরেজ ইউনিট থেকে বেরিয়ে আসতে দেখা যায় তাদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট ছোট ক্লিপ ভাইরাল হওয়ার সুবাদে তরুণ প্রজন্মের কাছেও নতুন করে জনপ্রিয় হয়ে ওঠে সিটকমটি। এর আগে ২০১১ এবং ২০১৪ সালে সিনেমা হলের পর্দায় মুক্তি পায় ‘দ্য ইনবিটউইনার্স’ এর দুটি পার্ট। প্রথম সিনেমাটি যুক্তরাজ্যে সে সময় কমেডি ঘরানার চলচ্চিত্রে সর্বোচ্চ ওপেনিং উইকেন্ড বিক্রির ইতিহাস গড়েছিল, যা পরে সিক্যুয়েলটি ভাঙতে সক্ষম হয়।
নতুন এই প্রজেক্টের গল্প বা অন্যান্য অভিনয়শিল্পীদের উপস্থিতি নিয়ে এখনও নেটফ্লিক্স বিশদ কিছু জানায়নি। ফলে শার্লট হিঞ্চক্লিফ চরিত্রে এমিলি অ্যাটাক কিংবা কার্লি ড’অ্যামাতো চরিত্রে এমিলি হেড ফের ফিরছেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। তবে ভক্তদের জন্য স্বস্তির খবর— মূল সিরিজের দুই সৃষ্টিকর্তা ড্যামন বিসলি এবং ইয়েন মরিস নতুন ছবিটি পরিচালনা ও চিত্রনাট্য লেখার দায়িত্বে থাকছেন।
এক যৌথ বিবৃতিতে নির্মাতা বিসলি ও মরিস বলেন, “পুরোনো বন্ধুদের সঙ্গে আবারও কাজ করার সুযোগ পাওয়া দারুণ এক অনুভূতি। এই সিনেমা নিয়ে আমরা কঠোর পরিশ্রম করছি, যাতে দর্শকরা সেই চেনা আবহটিই আবারও উপভোগ করতে পারেন।”
প্রথম সিনেমায় চার বন্ধুকে দেখা গিয়েছিল স্কুলজীবন শেষে গ্রিসের ক্রিট দ্বীপে ছুটি কাটাতে গিয়ে বিভিন্ন ঝামেলায় জড়াতে। অন্যদিকে ২০১৪ সালের সিক্যুয়েলে তাদের গন্তব্য ছিল অস্ট্রেলিয়ায় জয়ের কাছে, যেখানে জয়ের বাড়িয়ে বলা জীবনযাত্রার সত্যতা ফাঁস হতেই বাঁধে গোলযোগ।
দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন ও জল্পনা-কল্পনার পর জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তির নির্মাণ শুরুর খবর বিশ্বজুড়ে সিটকম প্রেমীদের মধ্যে বেশ উদ্দীপনার সৃষ্টি করেছে।
