![]()
সারা দেশে অনিয়ন্ত্রিতভাবে চলতে থাকা ব্যাটারিচালিত অটোরিকশাকে একটি নির্দিষ্ট নিয়মতান্ত্রিক কাঠামোর আওতায় আনতে নম্বর প্লেট ও কিউআর কোড ব্যবহারের পরিকল্পনা করছে সরকার।
জাতীয় সংসদে উত্থাপিত একটি নোটিশের জবাবে এ তথ্যের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, ব্যাটারিচালিত এসব যানবাহনের চলাচল সুশৃঙ্খল করতে বর্তমানে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। এটি অনুমোদিত হওয়ার পর কেবল বৈধ অটোরিকশাগুলোতেই বিশেষ নম্বর প্লেট ও কিউআর কোড যুক্ত করা হবে, যাতে খুব সহজেই যানবাহনগুলো শনাক্ত করা সম্ভব হয়।
একই সঙ্গে অটোরিকশা চালকদের তথ্য নথিভুক্ত করে নিবন্ধনের আওতায় আনা এবং পর্যায়ক্রমে প্রশিক্ষণের মাধ্যমে তাদের লাইসেন্স দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নীতিমালা কার্যকর হলে অটোরিকশার নিবন্ধন প্রক্রিয়া, নির্দিষ্ট রুট নির্ধারণ, চালকদের ওপর নজরদারি এবং সার্বিক চলাচল ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আইনি পদক্ষেপ জোরালো করা হবে।
বিদ্যুৎ সংকট ও কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি
দেশে ব্যাটারিচালিত থ্রি-হুইলারের সঠিক পরিসংখ্যান না থাকলেও বর্তমানে এর সংখ্যা আনুমানিক ৫০ থেকে ৮০ লাখের কাছাকাছি বলে সংসদে জানান মন্ত্রী।
তিনি বলেন, এই বিশালসংখ্যক যানবাহন চার্জ দিতে গিয়ে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় পাঁচ শতাংশের মতো ব্যয় হয়, যা বাস্তবক্ষেত্রে আরও বেশি হতে পারে।
সারাদেশে মাত্র ৩,৩০০টি বৈধ চার্জিং পয়েন্ট রয়েছে উল্লেখ করে তিনি জানান, কেবল রাজধানী ঢাকাতেই প্রায় ৪৮ হাজারের বেশি অবৈধ বা অনানুষ্ঠানিক চার্জিং পয়েন্ট গড়ে উঠেছে। এর ফলে জাতীয় বিদ্যুৎ গ্রিড ও স্থানীয় বিতরণ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে এবং অবৈধ সংযোগের কারণে প্রতি বছর সরকারের প্রায় চার হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে।
সড়ক দুর্ঘটনা ও প্রধান সড়কে নিষেধাজ্ঞা
সরকারি পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ২০২৫ সালে সারাদেশে মোট ৬,৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯,১১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা জড়িত ছিল মোট দুর্ঘটনার ১৩ দশমিক ৫৪ শতাংশে।
এই পরিস্থিতির সার্বিক বিবেচনায় ইতোমধ্যেই মহাসড়ক ও প্রধান প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত রিকশা চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিয়মিত অভিযান চালাচ্ছে এবং যেসব গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে গাড়ি চার্জ দেওয়া হচ্ছে, সেগুলোতেও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
