![]()
ফেসবুক পেইজের লাইক বা ফলোয়ার বাড়াতে সরাসরি বিজ্ঞাপন দেওয়ার সুবিধা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। সম্প্রতি অনেক ব্যবহারকারীর মেটা অ্যাডস ম্যানেজারে ‘পেইজ লাইক’ অপশনটি দেখা গেলেও সেটি নির্বাচন করে বিজ্ঞাপন চালানোর সুযোগ মিলছে না।
এর বদলে বিজ্ঞাপনের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা হচ্ছে ‘মেক্সিমাইজ নাম্বার অব ফেসবুক পেইজ ভিজিটস’ (Maximize number of Facebook Page visits) পারফরম্যান্স লক্ষ্য। অর্থাৎ, সরাসরি লাইক বাড়ানোর বদলে বিজ্ঞাপনদাতাদের পেইজে ব্যবহারকারীদের প্রবেশ করানোর ওপর বেশি জোর দিচ্ছে ফেসবুক।
বিজ্ঞাপন তৈরির সময় সংশ্লিষ্ট বার্তা হিসেবে সেখানে লেখা উঠছে—‘Page likes performance goal is no longer available’।
পার্থক্য কোথায়? নতুন এই প্রক্রিয়ায় বিজ্ঞাপনে ক্লিক করলে ব্যবহারকারীকে সরাসরি সংশ্লিষ্ট ফেসবুক পেইজে নিয়ে যাওয়া হবে। সেখানে থাকা পোস্ট বা কনটেন্ট পছন্দ হলে ব্যবহারকারী নিজ উদ্যোগে পেইজটিতে লাইক বা ফলো দিতে পারবেন। ইনস্টাগ্রামেও ইদানিং এ ধরনের ফিচার জোরদার করতে দেখা যাচ্ছে।
পরিবর্তনটি কি স্থায়ী? মেটার মূল প্রতিষ্ঠান এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত, নতুন কোনো ফিচার চালুর প্রাথমিক ধাপ, নাকি সাময়িক কারিগরি ত্রুটি—তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
আন্তর্জাতিক ডিজিটাল মার্কেটিং পেশাজীবীদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ জানিয়েছেন তাদের অ্যাকাউন্টে লাইক বাড়ানোর অপশনটি কাজ করছে না, আবার অনেকে জানিয়েছেন তাদের ক্ষেত্রে আগের মতোই সব স্বাভাবিক রয়েছে।
পেইজ পরিচালকদের জন্য পরামর্শ যদি এই পরিবর্তন স্থায়ী রূপ নেয়, তবে কনটেন্ট মার্কেটিংয়ের কৌশলে বড় পরিবর্তন আনতে হবে। শুধু বিজ্ঞাপনের ওপর নির্ভর না করে অর্গানিক উপায়ে মানসম্মত পোস্ট তৈরি এবং ইন্টারঅ্যাকশন বাড়ানোর দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
পেইজে প্রকাশিত কোনো পোস্টে যারা রিয়্যাক্ট করছেন, তাদের পরবর্তীতে পেইজে ইনভাইট পাঠানোর কৌশল কার্যকর হতে পারে। একই সঙ্গে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে সরাসরি লাইকের বদলে লিড জেনারেশন, ওয়েবসাইটে ট্রাফিক আনা কিংবা বিক্রি বাড়ানোর মতো ক্যাটাগরিগুলো ব্যবহারের সুযোগ থাকছে।
