![]()
নিউজ প্রোভাইডার
টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডের বৃষ্টি হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন— ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়ার আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে ও গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সদস্য মাহমুদুল হাসান (৩৪)।
উল্লেখ্য, তারা দুজনই উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা। পুলিশ তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫০টি করে মোট ৩০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে তারা দুজন রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিলেন। এ ছাড়া বিভিন্ন সময় জুলাই যোদ্ধার প্রভাব খাটিয়ে প্রশাসনকে চাপে রাখতেন বলেও অভিযোগ রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপপরিদর্শক রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার একটি হোটেলসংলগ্ন এলাকা থেকে দুই জুলাই যোদ্ধাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। বুধবার আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ইয়াবা ট্যাবলেটগুলো গাবসারা থেকে নিয়ে এসে এলেঙ্গায় বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় ছিলেন।
