![]()
পিয়ার্স মরগানের মতো চটপটে উপস্থাপকের মুখোমুখি হয়ে কথা বলছেন তরুণী অভিনেত্রী। কিন্তু প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঘটল এক বিপত্তি। হুট করেই সুন্দর ইংরেজি ছেড়ে তিনি কথা বলতে শুরু করলেন চীনা ভাষায়!
ঘটনাটি শুনে স্বাভাবিক মনে হলেও ওই অভিনেত্রী কিন্তু কোনো রক্তমাংসের মানুষ নন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ভার্চুয়াল চরিত্র, যার নাম টিলি নরউড।
সম্প্রতি ব্রিটিশ সম্প্রচারক পিয়ার্স মরগানের এক টিভি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কটিশ মঞ্চ অভিনেতা টম কন্টি ও এআই অভিনেত্রী টিলি নরউড। আলোচনার বিষয় ছিল টিলির নতুন সিনেমা ‘মিসঅ্যালাইন্ড’।
সাক্ষাৎকার চলার সময় অভিনেতা টম কন্টি জানতে চান, ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করা সহশিল্পীরা বাস্তব মানুষ নাকি তাঁরাও কম্পিউটার দিয়ে তৈরি।
শুরুতে প্রশ্নটি সঠিকভাবে অনুধাবন করতে পারেননি টিলি। পরবর্তীতে বিষয়টির পুনরুক্তি করা হলে উত্তর দিতে গিয়েই তৈরি হয় এই অদ্ভুত পরিস্থিতি। টিলি উত্তর দিতে দিতে ইংরেজি ছেড়ে হঠাৎ করেই চীনা (মান্দারিন) ভাষায় কথা বলা শুরু করেন।
এতে বেশ বিভ্রান্তিতে পড়েন দুই অতিথিই। পিয়ার্স মরগানকে লক্ষ্য করে টম কন্টি কৌতুকের ছলে জিজ্ঞেস করেন, “পিয়ার্স, আপনি কি ওর কথা কিছু বুঝতে পেরেছেন?”
উপস্থাপক পিয়ার্স মরগান তখন টিলিকে প্রশ্ন করেন, কী কারণে কোনো ইঙ্গিত ছাড়াই তিনি হুট করে ভাষায় পরিবর্তন আনলেন।
বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে ভার্চুয়াল অভিনেত্রী টিলি নরউড জানান, তাঁর সিস্টেমে হয়তো কিছুটা যান্ত্রিক জটিলতা তৈরি হয়েছিল।
হাস্যরসের ছলে টিলি বলেন, “আমায় মাফ করবেন। পিয়ার্সকে অনুকরণ করা বা ইচ্ছা করে চীনা ভাষায় কথা বলার কোনো ইচ্ছে আমার ছিল না। মানুষের মতো কখনো কখনো আমারও মস্তিষ্ক বা তারগুলো একটু গুলিয়ে যায়।”
ইংরেজিভাষী দুজনের সাথে আলোচনার সময় এমন ঘটনা কত ঘনঘন ঘটে—পিয়ার্স মরগানের এই প্রশ্নের জবাবে টিলি জানান, সাধারণত এমনটা ঘটে না এবং এটি একেবারেই একটি অপ্রত্যাশিত ঘটনা ছিল।
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মিসঅ্যালাইন্ড’ একটি কমেডি-ড্রামা ঘরানার ছবি। এতে মূল অভিনয়শিল্পীর ভূমিকায় রাখা হয়েছে বিতর্কিত এই এআই অভিনেত্রী টিলি নরউডকে। এআই প্রযুক্তির এমন অভাবনীয় অগ্রগতির পাশাপাশি এতে তৈরি হওয়া যান্ত্রিক ত্রুটি বিনোদন জগত ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
