![]()
রাজধানী ঢাকায় গরমের দাপট আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকায় দিনের তাপমাত্রা গতকালের চেয়ে সামান্য বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।
এর আগে গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এদিকে আজ নদীবন্দরগুলোর জন্য স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি এবং কোনো সংকেতও দেখাতে বলা হয়নি।
আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে।
