![]()
যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার দেওয়ার সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস এ বিষয়ে আবেদনকারীদের সতর্ক করে।
দূতাবাস জানায়, ভিসা সাক্ষাৎকারের সময় কনস্যুলার কর্মকর্তাদের কাছে আবেদনকারীর আগের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য থাকতে পারে। তাই অতীতের কোনো তথ্য গোপন করা বা ভুলভাবে উপস্থাপন করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, সাক্ষাৎকারে আবেদনকারীদের সব প্রশ্নের উত্তর সঠিক ও সত্য তথ্যের ভিত্তিতে দেওয়া উচিত। কোনো তথ্য গোপন করা, বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া কিংবা ভুয়া নথি উপস্থাপন করলে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে।
এ ধরনের মিথ্যা তথ্য বা জাল নথির কারণে শুধু বর্তমান ভিসা আবেদনই বাতিল হবে না, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস।
আবেদনকারীদের তাই ভিসা সাক্ষাৎকারে স্বচ্ছতা বজায় রেখে নিজেদের বিষয়ে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।
