![]()
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামীকাল রোববার ঢাকায় আসতে পারেন। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে তিনি অল্প সময়ের জন্য ঢাকায় যাত্রাবিরতি করতে পারেন বলে জানা গেছে।
তবে ফিফা সভাপতির বাংলাদেশে আসার বিষয়টি এখনো নিশ্চিত নয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, ইনফান্তিনো ঢাকায় ট্রানজিট নেবেন কি না, সে বিষয়ে তারা এখনো নিশ্চিত কোনো তথ্য পায়নি। তারপরও সম্ভাব্য সফরকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে সংস্থাটি।
ফিফা সভাপতি ভুটানের থিম্পু সফর করবেন। তবে সব আন্তর্জাতিক ফ্লাইট থিম্পুতে সরাসরি যাতায়াত করে না। এ কারণে থিম্পু যাওয়ার পথে সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোনো বিমানবন্দরে ট্রানজিট নিতে পারেন তিনি।
বাফুফে সূত্রে জানা গেছে, ফিফা সভাপতি বাংলাদেশে ট্রানজিট নেওয়ার সিদ্ধান্ত নিলে বিমানবন্দরে তাঁর ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য বাফুফের সাধারণ সম্পাদক আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন।
ইনফান্তিনো ঢাকার বিমানবন্দরে ভিআইপি জোনে অবস্থান করলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বাফুফে সভাপতি ও সহসভাপতিরা। তবে ফিফা সভাপতির সম্ভাব্য যাত্রাবিরতি এবং সাক্ষাতের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
