![]()
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মন্ত্রী পদমর্যাদার কর্মকর্তা জহির উদ্দিন স্বপন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত জাপানি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে জাপানের একটি প্রতিনিধিদল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। সফরকালে প্রতিনিধিদলটি বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানি প্রতিনিধিদলের সদস্যরা। বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্যিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আগামী ২৬ অক্টোবর তিন দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাঁর এই সফরকে ঘিরে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।
