![]()
আবাসন ব্যয় কমানো, মজুরি বৃদ্ধি ও জনসেবার মানোন্নয়নের দাবিতে কর্মসূচি; গ্রেপ্তার ২৩, ব্যাহত পরিবহন ও শিল্পকারখানার কার্যক্রম
আন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘ ১৪ বছর পর প্রথমবারের মতো দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছে ইউরোপের দেশ স্পেন। আবাসন ব্যয় কমানো, শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নের দাবিতে বুধবার (১১ নভেম্বর) ২৪ ঘণ্টার এ কর্মসূচি পালন করেন শ্রমিক ও আন্দোলনকারীরা।
ধর্মঘটকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যে বুধবার সকাল পর্যন্ত অন্তত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ধর্মঘটের প্রভাবে দেশটির পরিবহনব্যবস্থা ও বিভিন্ন শিল্পকারখানার কার্যক্রমে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়।
রাজধানী মাদ্রিদের প্রধান পাইকারি খাদ্যবাজার মারকামাদ্রিদে শ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ হস্তক্ষেপ করে। এ সময় ১৩ জন চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানিয়েছে শ্রমিক সংগঠন ওয়ার্কার্স কমিশনস।
সংগঠনটির নেতা উনাই সোর্দো বিক্ষোভকারীদের ওপর পুলিশের পিপার স্প্রে ব্যবহারের সমালোচনা করেন। তাঁর দাবি, আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন।
অন্যদিকে, কাতালোনিয়া অঞ্চলেও বিক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়ে। সেখানে আন্দোলনকারীরা গুরুত্বপূর্ণ মহাসড়ক, শিল্পাঞ্চল এবং বার্সেলোনার সান্তস রেলস্টেশনের প্রবেশপথ অবরোধ করেন। শ্রমিক সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী, দেশটির কয়েকটি বড় গাড়ি উৎপাদন কারখানায়ও উৎপাদন বন্ধ ছিল।
স্পেনের প্রধান শ্রমিক সংগঠন ইউজিটি ও ওয়ার্কার্স কমিশনসসহ কয়েকটি ছোট শ্রমিক সংগঠন এ সাধারণ ধর্মঘটের ডাক দেয়। দীর্ঘদিন ধরে আবাসন ব্যয় কমানোর দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এ কর্মসূচি নেওয়া হয়েছে।
ধর্মঘটের কারণে দেশটির বিভিন্ন খাতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।
