![]()
যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত
শহরের বেজপাড়া বিহারি কলোনি এলাকায় মাটি খোঁড়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত দুজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেমস আব্দুর রহিম রানা
য
শোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খুঁড়তে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের বেজপাড়ার বিহারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সংক্ষিপ্ত তথ্য
📍 স্থান: বেজপাড়া বিহারি কলোনি, যশোর
📍 সময়: শুক্রবার, বেলা ১১টার দিকে
📍 আহত: দুই শ্রমিক
📍 চিকিৎসা: যশোর জেনারেল হাসপাতালে
মাটি খোঁড়ার সময় বিস্ফোরণ
আহত দুই শ্রমিক হলেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) এবং মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।
পুলিশ ও কর্মরত শ্রমিকরা জানান, শুক্রবার সকালে শহরের বেজপাড়া বিহারি কলোনি এলাকায় বাদলের বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খোঁড়ার কাজ করছিলেন শ্রমিকরা। একপর্যায়ে কোদালের কোপ লাগলে বোমার বিস্ফোরণ ঘটে। এতে কর্মরত দুই শ্রমিক আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
একজনের অবস্থা গুরুতর
যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরিত বোমার কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে, অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিচে লুকিয়ে রেখেছিল। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।
টাচ প্রোভাইডার
