![]()
মস্কো অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনের চালানো ব্যাপক ড্রোন হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। রুশ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, শনিবার থেকে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১ হাজার ৬০০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে প্রায় ৪৫০টি ড্রোন মস্কোর দিকে অগ্রসর হচ্ছিল বলে তিনি দাবি করেন।
হামলার সময় মস্কো অঞ্চলের বিভিন্ন এলাকায় আবাসিক ভবন ও অন্যান্য স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। রামেনস্কোয়ে এলাকায় একটি বহুতল ভবনে ড্রোন আঘাত হানার পর প্রায় ৪০০ জনকে সরিয়ে নেওয়া হয়।
আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভের তথ্য অনুযায়ী, সোফিনো এলাকায় একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হানার ঘটনায় একজন নারী নিহত হন। অন্য একটি এলাকায় একটি ব্যক্তিগত বাড়িতে হামলার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়।
মস্কোর একটি তেল শোধনাগারেও ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছেন মেয়র সোবিয়ানিন। তিনি দাবি করেছেন, হামলার লক্ষ্য ছিল রাশিয়ার চলমান পার্লামেন্ট নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করা। তবে ইউক্রেন এখনো এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
হামলার কারণে মস্কোর শেরেমেতিয়েভো ও ভনুকোভো বিমানবন্দরে সাময়িকভাবে উড্ডয়ন ও অবতরণে বিধিনিষেধ আরোপ করা হয়। পরে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হলেও কিছু ফ্লাইটে বিলম্বের আশঙ্কা ছিল।
এদিকে ইউক্রেনের কর্মকর্তারাও শনিবার দেশটির কিয়েভ ও সুমি অঞ্চলে রুশ হামলায় হতাহতের খবর জানিয়েছেন। ফলে দুই দেশের মধ্যে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।
রাশিয়া ও ইউক্রেন সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো, পরিবহন ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ লজিস্টিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই পাল্টাপাল্টি হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
