![]()
কবি, শিশুসাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠক আখতার হুসেন (৮০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আখতার হুসেনের ছেলে প্রমিত হুসেন জানান, কয়েক দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বাবা। ব্রেন স্ট্রোকের কারণে তিনি মারা যান। ক্যানসার থেকে সুস্থ হয়ে উঠলেও তিনি ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
বৃহস্পতিবার রাতে তেজকুনীপাড়ায় বাসভবনের কাছে আখতার হুসেনের জানাজা অনুষ্ঠিত হবে।
আগামীকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। পরে মরদেহ সিরাজগঞ্জে নেওয়া হবে।
তার শেষ ইচ্ছা অনুযায়ী সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে স্ত্রী মল্লিকা হুসেনের কবরের পাশে তাকে দাফন করা হবে।
১৯৪৫ সালের ১ নভেম্বর আখতার হুসেন রাজশাহীর আমনুড়ায় জন্মেছিলেন। তার পৈতৃক নিবাস নাটোরের লালপুরের নুরুল্লাপুরে। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন। উদীচীর অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য এবং খেলাঘরের সংগঠক হিসেবে তিনি কাজ করেছেন। তিনি ছড়া, গল্প, কবিতা, নাটক ও গান লিখেছেন। ‘আমরা তো সৈনিক, শান্তির সৈনিক’ তার লেখা জনপ্রিয় সংগীত।
সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য ২০১২ সালে আখতার হুসেন বাংলা একাডেমি পুরস্কার ও অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার লাভ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে প্রান্ত হুসেন ও প্রমিত হুসেনকে রেখে গেছেন।
