![]()
দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের। ১১তম গ্রেডে থাকা প্রধান শিক্ষকদের বেতন এখন দশম গ্রেডে নির্ধারণ করা হবে। এ জন্য নতুন বেতন নির্ধারণের পদ্ধতি আইবাস++ সফটওয়্যারে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
মঙ্গলবার (৬ অক্টোবর) অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বর্তমানে ১১তম গ্রেডে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নতুন বেতন স্কেল অনুযায়ী, দশম গ্রেডে প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হবে ৩২ হাজার টাকা থেকে। ধাপে ধাপে তা বেড়ে সর্বোচ্চ ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত হবে। এর আগে দশম গ্রেডে মূল বেতন ছিল ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
তবে নতুন গ্রেডে বেতন কার্যকরের ক্ষেত্রে বকেয়া নিয়ে স্বস্তি মিলছে না। অর্থ বিভাগের আদেশ অনুযায়ী, প্রশাসনিক মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ বা জিও জারির আগের সময়ের জন্য কোনো আর্থিক বকেয়া প্রাপ্য হবে না। অর্থাৎ জিও জারির আগে থেকে দশম গ্রেড কার্যকর ধরে অতিরিক্ত বেতন-ভাতা দেওয়া হবে না।
আদালতের রায়ের পর ২০২৫ সালের ১৫ ডিসেম্বর প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। কিন্তু প্রশাসনিক ও কারিগরি জটিলতায় এতদিন নতুন গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ করা সম্ভব হয়নি। এবার আইবাস++-এ পদ্ধতি যুক্ত করার নির্দেশের ফলে সেই প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথ খুলল।
এদিকে প্রধান শিক্ষকদের গ্রেড উন্নীত হলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের গ্রেড বাড়ানোর দাবি এখনো বাস্তবায়িত হয়নি। বর্তমানে তারা ১৩তম গ্রেডে রয়েছেন। তাদের ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব বিভিন্ন পর্যায়ে পাঠানো হলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারের বছরে অতিরিক্ত প্রায় ৮৩১ কোটি ৯১ লাখ টাকা ব্যয় হতে পারে।
