![]()
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জন্য চারটি জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং মিরপুর বাঙলা কলেজ।
এ পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নত রাখা এবং পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মাউশি।
প্রতিষ্ঠানপ্রধানদের জন্য চার নির্দেশনা
১. নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা
শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার, আঙিনা এবং আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন ময়লা-আবর্জনা জমে না থাকে, সেদিকেও নজর দিতে হবে।
২. ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া
প্রতিষ্ঠানের কোথাও পানি জমে আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। জমে থাকা পানি দ্রুত অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
৩. সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন করার পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
৪. শৃঙ্খলা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা
শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মাউশির নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
