![]()
বঙ্গোপসাগরে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) ওপর ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) সম্প্রসারণ করা হলে এয়ার নেভিগেশন সেবা থেকে দেশের রাজস্ব আয় বাড়তে পারে। এ উদ্যোগ বাস্তবায়নে কারিগরি মূল্যায়ন ও আন্তর্জাতিক সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন বিমান চলাচল খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার রাওয়া কনভেনশন ক্লাবের স্কাই লাউঞ্জে আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলা হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এটিসিএবি) এ সভার আয়োজন করে।
আলোচনায় বক্তারা বলেন, নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের আকাশসীমা ব্যবস্থাপনার অর্থনৈতিক সম্ভাবনাও কাজে লাগানো প্রয়োজন। এ ক্ষেত্রে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা এবং কর্মপরিবেশের উন্নয়ন গুরুত্বপূর্ণ।
এফআইআর সম্প্রসারণে নতুন সম্ভাবনা
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এটিসিএবির সাধারণ সম্পাদক এ টি এম নজরুল ইসলাম বলেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা প্রতিদিন দক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্তের মাধ্যমে অসংখ্য বিমানের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করেন। আড়ালে থেকে দায়িত্ব পালন করলেও দেশের আকাশপথের নিরাপত্তা এবং ওভারফ্লাইট ও এয়ার নেভিগেশন সেবা থেকে রাজস্ব আয়ে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, যথাযথ কারিগরি মূল্যায়ন ও আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে বঙ্গোপসাগরে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন-সংলগ্ন এলাকায় এয়ার ট্রাফিক সার্ভিস (এটিএস) ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন পুনর্গঠন করা সম্ভব হলে দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (এটিএম) এয়ার কমোডর নূর-ই-আলম জানান, বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ওপর ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন সম্প্রসারণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের আকাশসীমা ব্যবস্থাপনা আরও কার্যকর হতে পারে। একই সঙ্গে এয়ার নেভিগেশন সেবা থেকে রাজস্ব আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যারো ভার্সাটিলো গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কর্মপরিবেশে গুরুত্ব
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এটিসিএবির সভাপতি এম এ আক্কাস। তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি নিয়মিত পর্যবেক্ষণ, উপযুক্ত শিফট ব্যবস্থাপনা, পর্যাপ্ত বিশ্রাম এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তির পাশাপাশি দক্ষ ও সুস্থ জনবল নিরাপদ আকাশপথ পরিচালনার অন্যতম প্রধান ভিত্তি। এ কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কর্মপরিবেশ, পেশাগত নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রবীণ ও নবীন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা তাঁদের কর্মজীবনের বিভিন্ন চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা তুলে ধরেন।
আলোচনা সভার শেষ পর্যায়ে এটিসিএবির প্রথম ম্যাগাজিন ‘Horizons and Beyond’-এর মোড়ক উন্মোচন করা হয়। পরে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আয়োজকেরা জানান, বিশ্বের ১৩৭টি দেশের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশেও আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দিবস উদযাপন করা হয়েছে।
