![]()
পটুয়ালীর কলাপাড়া উপজেলার ধুলাসার খালে পলি জমে নাব্য সংকট দেখা দিয়েছে। খালের বিভিন্ন স্থানে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এতে গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে প্রায়ই আটকে পড়ছে মাছবাহী ট্রলার। সময়মতো ঘাটে পৌঁছাতে না পারায় বিপাকে পড়ছেন জেলেরা। অনেক ক্ষেত্রে ট্রলারের মধ্যেই নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার মাছ।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত খালটি খনন করে নৌযান চলাচলের উপযোগী করা না হলে এ অঞ্চলের মৎস্য ব্যবসা ও এর সঙ্গে জড়িত মানুষের জীবিকায় বড় ধরনের সংকট তৈরি হবে।
কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের শত বছরের ঐতিহ্যবাহী বাবলাতলা মৎস্য বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে জেলে, মাছ ব্যবসায়ী ও পাইকাররা এখানে আসেন। মাছ কেনাবেচা ও পরিবহনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন অসংখ্য মানুষ।
স্থানীয়দের ভাষ্য, একসময় ধুলাসার খালে প্রবল স্রোত থাকলেও বর্তমানে জোয়ারের সময় কোনো রকমে ট্রলার চলাচল করতে পারে। ভাটার সময় নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। খালের বিভিন্ন স্থানে জেগে ওঠা ডুবোচরে আটকে পড়ে মাছবাহী ট্রলার। এতে নির্ধারিত সময়ে মাছ বাজারে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
বাধ্য হয়ে অনেক জেলেকে মাথায় করে মাছ পরিবহন করতে হচ্ছে। আবার কেউ কেউ বিকল্প ঘাট ব্যবহার করছেন, এতে বাড়ছে জ্বালানি খরচ। সময়মতো মাছ বিক্রি করতে না পারায় কম দামে মাছ ছাড়তে হচ্ছে জেলেদের। অনেক সময় ট্রলারের মধ্যেই পচে যাচ্ছে আহরিত মাছ।
স্থানীয় জেলে সোবহান সিকদার জানান, একসময় ধুলাসার খালে প্রবল স্রোত থাকলেও এখন ভাটার সময় খালের অনেক অংশ হেঁটে পার হওয়া যায়। প্রতিদিন অসংখ্য মাছ ধরার ট্রলার এই খাল দিয়ে চলাচল করে। কিন্তু ডুবোচরের কারণে দীর্ঘ সময় আটকে থাকতে হয়। ফলে মাছের ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না এবং আর্থিক ক্ষতির মুখে পড়ছেন জেলেরা।
বাবলাতলা বাজারের আড়ত মালিক ও ইউপি সদস্য মো. রাসেল বলেন, খালের নাব্য সংকটের কারণে মৎস্য ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। শীত মৌসুমে এ বাজারে কোটি টাকার মাছ কেনাবেচা হয়। কিন্তু খালের মোহনায় বালু জমে বড় বড় চর সৃষ্টি হওয়ায় বড় ট্রলার চলাচল করতে পারছে না। দ্রুত খনন করা না হলে অনেক জেলেকে পেশা পরিবর্তনের কথা ভাবতে হতে পারে।
ব্যবসায়ী হাজী মাসুদ জানান, বাবলাতলা বাজারের ব্যবসা মূলত ধুলাসার খালের ওপর নির্ভরশীল। নাব্য সংকটের কারণে জেলেরা এ ঘাটে মাছ নিয়ে আসতে আগ্রহ হারাচ্ছেন। বিকল্প হিসেবে মহিপুর-আলীপুর ঘাটে যেতে হলে অতিরিক্ত জ্বালানি খরচ করতে হচ্ছে। অনেককে কয়েক কিলোমিটার পথ মাছ মাথায় করে পরিবহন করতে হচ্ছে। তিনি দ্রুত খালটি খননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, চ্যানেলের নাব্যতা কমে যাওয়া এবং ডুবোচরের কারণে জেলেরা মাছ আহরণ শেষে সময়মতো ঘাটে ফিরতে পারছেন না। এতে ট্রলার চলাচলে নিয়মিত প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে, যাতে দ্রুত খননের উদ্যোগ নেওয়া যায়।
অন্যদিকে বরিশাল ড্রেজার ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ জানান, খাজুরা পয়েন্টে জেলেদের সুবিধার্থে চ্যানেল খননের কাজ চলছে। সেখানে ড্রেজারের মাধ্যমে বালু অপসারণ করা হচ্ছে। ধুলাসার খালের বিষয়েও সংশ্লিষ্টদের পক্ষ থেকে আবেদন করা হলে সরেজমিন পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের প্রত্যাশা, দ্রুত ধুলাসার খাল খননের উদ্যোগ নেওয়া হবে। এতে নৌযান চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি বাবলাতলা মৎস্য বাজারের ব্যবসা-বাণিজ্য ও হাজারো মানুষের জীবিকা রক্ষা পাবে।
