![]()
জেমস আব্দুর রহিম রানা: নারীদের বাইকিংয়ের প্রতি আগ্রহ, পারস্পরিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে যশোরে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে লেডি বাইকারদের গ্র্যান্ড পিকনিক ও মিলনমেলা। ব্যতিক্রমী এ আয়োজনে যশোর শহর ও আশপাশের এলাকার নারী বাইকারদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ১৪ নভেম্বর দুপুর ২টায় যশোরের বুকভরা বাওড়, মোতলায় এ মিলনমেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আয়োজনকে ঘিরে নারী বাইকারদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইকিংয়ের প্রতি ভালোবাসা, অভিজ্ঞতা বিনিময়, নতুন বন্ধুত্ব তৈরি এবং আনন্দঘন কিছু মুহূর্ত একসঙ্গে উপভোগ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ব্যস্ত জীবনের বাইরে একদিনের জন্য সবাই একত্রিত হয়ে আনন্দ, আড্ডা ও স্মৃতিময় সময় কাটানোর সুযোগ পাবেন।
বিশেষ করে নারী বাইকারদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বাইকিংয়ের ক্ষেত্রে তাঁদের আগ্রহ ও অংশগ্রহণকে উৎসাহিত করার ক্ষেত্রে এ মিলনমেলা ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজনটির পিকনিক স্পন্সর হিসেবে সহযোগিতা করছে RIPON AUTOS Pvt. Ltd.। স্পন্সর প্রতিষ্ঠানের সহযোগিতায় এ আয়োজন আরও আনন্দঘন ও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
যশোরের সকল লেডি বাইকারকে এ গ্র্যান্ড পিকনিক ও মিলনমেলায় অংশ নেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে নারী বাইকারদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার নতুন বন্ধন তৈরি হবে।
বাইকিংয়ের আনন্দকে সঙ্গী করে নতুন স্মৃতি তৈরির প্রত্যয়ে নারী বাইকারদের এই ব্যতিক্রমী মিলনমেলা ঘিরে এখন অপেক্ষা আনন্দঘন একটি দিনের।
