![]()
বিনোদন ডেস্ক:
ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর জীবন ও রাজনৈতিক পথচলা নিয়ে নির্মিত হতে যাচ্ছে তেলুগু ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তার আত্মজীবনী ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’ অবলম্বনে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক নির্মাণ ব্যয় হিসেবে দুই কোটি রুপি অনুদানের ঘোষণাও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডিতে কংগ্রেস কর্মীদের এক সভায় এ উদ্যোগের কথা জানান তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি জাগ্গা রেড্ডি।
সিনেমাটির নির্মাণ কার্যক্রম পরিচালনা ও তদারকির জন্য ৫০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের জন্য দলীয় নেতাকর্মীদের সম্মিলিতভাবে অর্থ সংগ্রহের আহ্বান জানিয়েছেন।
জাগ্গা রেড্ডি বলেন, নির্বাচনের মতো এ উদ্যোগকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সবাই মিলে অর্থ সংগ্রহ করে সিনেমার উপযুক্ত বাজেট নির্ধারণ এবং একজন দক্ষ পরিচালক নির্বাচন করতে হবে।
সভায় সোনিয়া গান্ধীর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করার পক্ষে তার অবস্থানের বিষয়টি উল্লেখ করেন জাগ্গা রেড্ডি।
জানা গেছে, প্রস্তাবিত চলচ্চিত্রে সোনিয়া গান্ধীর ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক এবং ভারতের রাজনীতিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হবে। ইন্দিরা গান্ধীর পুত্রবধূ, রাজীব গান্ধীর স্ত্রী এবং রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর মা হিসেবে তার জীবনের বিভিন্ন অধ্যায়ও স্থান পাবে সিনেমায়।
এ ছাড়া ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পর গান্ধী পরিবার যে কঠিন সময় পার করেছে, সেই ঘটনাগুলোও চলচ্চিত্রে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। সন্তানদের বড় করে তোলা এবং পারিবারিক নানা সংকটের মধ্যেও রাজনৈতিক দায়িত্ব পালনের বিষয়গুলোও গুরুত্ব পাবে।
তবে সিনেমাটির পরিচালক, অভিনয়শিল্পী কিংবা মুক্তির সম্ভাব্য সময় সম্পর্কে এখনো বিস্তারিত ঘোষণা দেওয়া হয়নি।
