Touch Bangladesh
ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে ইউএনওদের প্রধানমন্ত্রীর আহ্বান

প্রতিবেদক
Touch Bangladesh News
আগস্ট ৮, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেকের জন্য মানুষের সেবা করার সুযোগ একটি বড় আমানত ও আল্লাহর নিয়ামত। এই সুযোগ কাজে লাগিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা আছি, কাল থাকব না। আসুন আমরা সবাই মিলে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যাওয়ার চেষ্টা করি। যেখানে সবাই একটু ভালো থাকবে।’

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কোনো ইউএনও যে উপজেলায় দায়িত্ব পালন করছেন, সেটি হয়তো তার নিজের উপজেলা নয়। কিন্তু সেটি বাংলাদেশেরই একটি অংশ। সেখানে বসবাসকারী মানুষও নিজের এলাকার মানুষের মতোই আপন। তাই দেশের প্রতিটি মানুষকে নিজের মানুষ মনে করে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, ‘আপনি যে উপজেলায় দায়িত্ব পালন করছেন, সেটি হয়তো আপনার নিজের উপজেলা নয়। কিন্তু সেই উপজেলা তো আপনার দেশেরই একটা অংশ। সেখানে যে মানুষগুলোকে দেখছেন, তারা হয়তো আপনার এলাকার মানুষ নন; কিন্তু আপনার সেই আপনজনদের মতোই মানুষ। ছোট একটা দেশ। এই দেশটাকে যদি ঠিকঠাক করতে হয়, তাহলে আমাদের সবাইকে মিলেই চেষ্টা করতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু আইন প্রণয়ন করে সমাজের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। অনেক সমস্যার সমাধান মানুষকে বোঝানো, সচেতন করা এবং সামাজিকভাবে সম্পৃক্ত করার মাধ্যমে করা সম্ভব। এ ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় জনসচেতনতা তৈরিতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পরিবেশ রক্ষায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দূষণের দিক থেকে ঢাকা বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় ছিল। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, যা একটি ইতিবাচক লক্ষণ।

এই উন্নতিকে ধরে রেখে পরিবেশ রক্ষার উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি এলাকায় পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবা করা রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেক কর্মকর্তার অন্যতম প্রধান কর্তব্য। সততা, মানবিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে প্রশাসন ও জনগণের মধ্যে আস্থা আরও দৃঢ় হবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।