![]()
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এক ঝটিকা মিছিল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানের একটি গলিতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, দুপুর পৌনে ১২টার দিকে গুলশানের ৩ নম্বর সড়কের একটি গলিতে ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের কাছ থেকে ককটেলগুলো জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উত্তরায় গ্রেপ্তার আরও ৪
এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির আরও চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুনায়েদ মৃধা (১৯), রাকিবুল হাসান (২৩), সাজ্জাদ হোসেন (১৯) ও মো. আব্দুল্লাহ (১৯)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম বিভাগ জানায়, বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে নেতাকর্মীরা মিছিলের জন্য জড়ো হচ্ছিলেন। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে এবং মিছিলের একটি ব্যানার জব্দ করে।
