Touch Bangladesh
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

ভুয়া সাক্ষী বানালো ChatGPT: জরিমানার মুখে মার্কিন আইনজীবী

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত এক আসামির আপিল আবেদনের শুনানিতে সম্পূর্ণ কাল্পনিক সাক্ষী ও ভুয়া পুলিশি জবানবন্দি পেশ করে বিপাকে পড়েছেন এক মার্কিন আইনজীবী। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্ল্যাটফর্ম ‘চ্যাটজিপিটি’ (ChatGPT)-র ওপর অন্ধ বিশ্বাস রেখে তৈরি করা সেই নথি যাচাই না করেই আদালতে জমা দেওয়ায় তাকে জরিমানা ও আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে। রাজ্য সুপ্রিম কোর্ট আইনজীবী স্টিফেন অ্যারনসকে অনৈতিক কাজের জন্য ৫,০০০ মার্কিন ডলার জরিমানা করার পাশাপাশি তাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেন। আদালত জানিয়েছেন, উক্ত নথিতে এমন কিছু সাক্ষীর জবানবন্দি উপস্থাপন করা হয়েছে, বাস্তবে যাদের কোনো অস্তিত্বই নেই।

ঘটনার নেপথ্যে চ্যাটজিপিটি

জানা গেছে, অস্কার রেনি স্যান্ডোভাল নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল লড়ছিলেন আইনজীবী অ্যারনস। মামলার কার্য বিবরণী দ্রুত সংক্ষেপ করার উদ্দেশ্যে তিনি ট্রায়ালের অনুলিপি ও অন্যান্য নথি চ্যাটজিপিটিতে ইনপুট দেন। অ্যারনসের ধারণা ছিল, এআই প্রযুক্তি তাকে একটি “ভুলত্রুটিহীন ও নির্ভুল সারসংক্ষেপ” তৈরি করে দেবে।

তবে চ্যাটজিপিটির তৈরি করা সেই নথিতে যুক্ত করা হয় কাল্পনিক সাক্ষ্য। যেমন— ঘটনার সময় বন্দুকধারীর পরা পোশাকের বিবরণ হিসেবে “কালো প্যান্ট ও সাদা শার্ট” উল্লেখ করা হয়, যার কোনো বাস্তব ভিত্তি ছিল না।

অভিযুক্ত আইনজীবী তার ভুল স্বীকার করে বার্তাসংস্থা রয়টার্সকে জানান, এআই যে এভাবে মনগড়া বা কাল্পনিক তথ্য (AI hallucination) তৈরি করতে পারে, তা তিনি বুঝতে পারেননি। এটিকে এক ধরনের “অনিচ্ছাকৃত ভুল” দাবি করে তিনি আশা প্রকাশ করেন যে, পেশাদারদের জন্য এটি একটি শিক্ষণীয় ঘটনা হবে।

আদালতের ক্ষোভ ও কড়া পদক্ষেপ

শুনানিকালে নিউ মেক্সিকো সুপ্রিম কোর্টের বিচারপতি সি. শ্যানন বেকন আইনজীবী অ্যারনসের ওপর চরম অসন্তোষ প্রকাশ করে বলেন, “আইনজীবীরা যেভাবে এআই-এর ভুল তথ্যের ওপর নির্ভর করছেন, তা এখন প্রতিদিনের প্রধান খবরে পরিণত হয়েছে। আপনি কি খবরের কাগজ পড়েন না কিংবা সংবাদ শোনেন না?”

আদালতের বিচারক প্যানেল উল্লেখ করেন, অ্যারনস শুধু যে ভুয়া তথ্য জমা দিয়েছেন তা-ই নয়, তিনি তার মক্কেলের আইনি সুরক্ষার ক্ষেত্রে দায়িত্বজ্ঞানহীনতা ও অনুশোচনার অভাব দেখিয়েছেন। জরিমানা আদায়ের পাশাপাশি এই আইনজীবীর বিরুদ্ধে তদন্ত ও পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য আইনজীবী ডিসিপ্লিনারি বোর্ডে বিষয়টি পাঠানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রজুড়ে একাধিক আইনজীবী এআই প্রযুক্তি দিয়ে মনগড়া মামলার উদাহরণ বা ভুল আইন উল্লেখ করে আদালতের শাস্তির মুখে পড়েছেন। তবে ফৌজদারি অপরাধের আপিলে সম্পূর্ণ কাল্পনিক সাক্ষীর জবানবন্দি ব্যবহারের ঘটনা এটিই প্রথম বলে মনে করা হচ্ছে।

বর্তমানে মূল আসামি অস্কার স্যান্ডোভালের আপিল মামলাটি থেকে অ্যারনসকে সরিয়ে এক সরকারি কৌঁসুলির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।