![]()
লিওনেল মেসি যথারীতি নিজের সেরাটা দিলেন। দল ইন্টার মায়ামির করা দুটি গোলেই থাকল তাঁর ছাপ, যার একটি ছিল ডিবক্সের বাইর থেকে বাঁ পায়ের দূরপাল্লার শটে চোখধাঁধানো এক মুহূর্ত। কিন্তু অধিনায়কের সেই দ্যুতিও মায়ামির জয়খরা কাটাতে পারল না।
আজ রোববার সকালে মেজর লিগ সকারের (এমএলএস) রোমাঞ্চকর ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষ দল ন্যাশভিল এসসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। নিজেদের মাঠ নু স্টেডিয়ামে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারায় দলটি।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মায়ামি। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে অফসাইডের ফাঁদ গলিয়ে ন্যাশভিলকে এগিয়ে নেন ইংলিশ স্ট্রাইকার স্যাম সারিজ। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মায়ামি। ১৯ মিনিটে মেসির নেওয়া বাঁকানো কর্নার কিক ন্যাশভিলের ডিফেন্ডার রিড বেকার-হোয়াইটিংয়ের মাথায় লেগে নিজেদের জালেই জড়িয়ে যায়। আত্মঘাতী এই গোলে ১-১ সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দুই দল।
দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে রদ্রিগো ডি পলের বাড়ানো পাস ধরে ডিবক্সের বাইরে থেকে বুলেট গতির শটে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি।
তবে এই ব্যবধান ধরে রাখতে পারেনি মায়ামি। নির্ধারিত সময় শেষের ঠিক পর, ৯১ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান সারিজ।
ম্যাচে মেসির ভাগ্যে অবশ্য গোল আরও থাকতে পারত। ৫০ মিনিটে তাঁর একটি শট ক্রসবারে লেগে ফেরত আসে এবং ৭৮ মিনিটে অপর একটি শট প্রতিহত হয় গোলপোস্টে। শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে মেসির আরও একটি নিশ্চিত শট গোললাইন থেকে হেডে ক্লিয়ার করেন ন্যাশভিল ডিফেন্ডার জেইসন পালাসিওস।
এই ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল ন্যাশভিলের সঙ্গে মায়ামির পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে ৯-এ, যদিও মায়ামির হাতে এখনো ৯টি ম্যাচ রয়েছে। চলতি মৌসুমে ঘরের মাঠে এগিয়ে গিয়েও ১১ পয়েন্ট হাতছাড়া করল ইন্টার মায়ামি। একই সঙ্গে ন্যাশভিলের বিপক্ষে জয়ের খরাও দীর্ঘায়িত হলো তাদের; এই মৌসুমে চারবার মুখোমুখি হয়েও ন্যাশভিলকে হারাতে পারেনি মেসিরা।
ন্যাশভিলের বিপক্ষে মেসি নিজে ব্যক্তিগতভাবে দারুণ সফল—১৪ ম্যাচে করেছেন ১৭টি গোল। তবে ব্যক্তিগত এই উজ্জ্বল পরিসংখ্যানও ইন্টার মায়ামির টানা পয়েন্ট হারানোর হতাশা ঢাকতে পারছে না।
